মারধরের প্রতিবাদে সাংবাদিকদের আড়াই ঘণ্টা অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ঈদগাহের প্রধান ফটকের সামনের সড়কে এক আনসার সদস্য দৈনিক ইনকিলাবের সাংবাদিককে মারধরের ঘটনায় করা সড়ক অবরোধ তুলে নিয়েছেন সাংবাদিকেরা।আজ রোববার বিকেল চারটার দিকে ওই আনসার সদস্য ওই সাংবাদিকের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পরিপ্রেক্ষিতে অবরোধ তুলে নেওয়া হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুরে জাতীয় ঈদগাহের প্রধান ফটকের সামনে আবদুল লতিফ নামের এক আনসার সদস্য রিকশাওয়ালাদের কাছ থেকে টাকা নিচ্ছিলেন। রিকশাওয়ালাদের কাছ থেকে টাকা নেওয়ার কারণ জানতে চাইলে দৈনিক ইনকিলাবের নিজস্ব প্রতিবেদক মাইনুল হাসান সোহেলের সঙ্গে ওই আনসার সদস্যের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই আনসার সদস্য তাঁর অন্য সহযোগীদের নিয়ে মাইনুল হাসানকে মারধর করেন। পরে মাইনুল বিষয়টি ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতাদের জানালে বেলা আড়াইটার দিকে সাংবাদিকেরা ফটকের সামনের সড়ক অবরোধ করে রাখেন।ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা সাংবাদিকদের জানান, ‘আমাদের এক সহকর্মীকে ওই আনসার সদস্য নির্মমভাবে মারধর করেছেন। এ কারণেই সড়ক অবরোধ করা হয়। পরে ওই আনসার সদস্য নিঃশর্ত ক্ষমা চাইলে বিকেল চারটার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।’