বাংলাদেশে মারমা নৃগোষ্ঠীর বসবাস মূলত পার্বত্য চট্টগ্রামে। এই অঞ্চলে যেসব নৃগোষ্ঠীর বসতি রয়েছে, সেগুলোর মধ্যে সংখ্যার দিক থেকে মারমারা দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী। পার্বত্য চট্টগ্রামের তিন জেলার মধ্যে বান্দরবানে সবচেয়ে বেশি মারমার বসবাস। এ জেলার প্রায় সর্বত্র মারমা বসতি রয়েছে। কিছুসংখ্যক মারমা উপকূলীয় জেলা কক্সবাজার ও পটুয়াখালীতে বাস করে। এসব মারমা নিজেদের রাখাইন বলে পরিচয় দেয়। প্রায়শই তাদের আলাদা জনগোষ্ঠী হিসেবে দেখা হয়। বাংলাদেশ ছাড়াও ভারতের ত্রিপুরা রাজ্যের বঙ্গু, খোয়ে, শিলো, থৌলে ও সাব্রুম এলাকায়; মিজোরামের রাইনক্ষ্যং ও সাংলাকক্ষ্যং এলাকায়, মিয়ানমারের আরাকান প্রদেশের লেমাই গোয়ং, পুলুতং ও নাজিরোওয়া এবং রেঙ্গুন শহরে মারমা জনগোষ্ঠীর বসবাস রয়েছে (মংক্যশোয়েনু ১৯৯৮)।মারমা ভাষা মারমাদের মধ্যে প্রচলিত ভাষা। বাংলাদেশে এক লাখ ৫৪ হাজার ২১৬ জন মারমা ভাষা ব্যবহার করে। এই ভাষা তিব্বতি-বর্মি শাখার বর্মি দলভুক্ত। মারমা ভাষার নিজস্ব বর্ণমালা রয়েছে। এই ভাষার লিপির নাম ‘ম্রাইমাজা’। ১৩টি স্বরবর্ণ ও ৩৬টি ব্যঞ্জনবর্ণ নিয়ে মারমা লিপি গঠিত। মারমা লিপির উত্স মোন্-খেমর না ব্রাহ্মী লিপি, সেটা নিয়ে বিতর্ক আছে। মারমা সমাজে সংগীত ও গীতিনাট্যে মারমা লিপির ব্যবহার সুপ্রাচীন। বর্মি ভাষার সঙ্গে এই ভাষার প্রচুর মিল রয়েছে। তবে উচ্চারণ, বাচনভঙ্গি ও বাক্য গঠন রীতিতে দুই ভাষার মধ্যে অনেক পার্থক্য বিদ্যমান। বাংলা ভাষার সঙ্গে রূপতাত্ত্বিক দিক থেকে মারমা ভাষার সাদৃশ্য রয়েছে। বাংলায় বহুবচন লিখতে ব্যবহূত হয় ‘রা’। মারমা ভাষায় বহুবচন লেখা হয় ‘রো’ দিয়ে। মানুষের বহুবচন ‘মানুষেরা’ মারমা ভাষায় লেখা হয় ‘লুরো’। তঞ্চঙ্গ্যা ভাষার ব্যবহারিক শব্দের মধ্যে মারমা শব্দের প্রচলন ও প্রভাব লক্ষ করা যায়।মারমারা নিজের ভাষায় সাহিত্য রচনা করছে। মারমা কবি চ ঠুই ফ্রু তাঁর ‘বাংলাদেশ গো খ্য পা মে’ অর্থাত্ ‘বাংলাদেশকে ভালবাসবো’ কবিতায় বাংলাদেশের প্রতি গভীর দেশপ্রেম প্রকাশ করতে গিয়ে লিখেছেন: ‘অ ক্যোয়াই রো প্রে বাংলাদেশ/দে প্রে গো খ্যই পারে/লাগাইঃ লাগাইঃ অলোক লোক কাইমে লে লোক কাইমে।’ অর্থাত্ ‘মোদের দেশ বাংলাদেশ এ দেশকে ভালোবাসি/এসো নতুন করে দেশ গড়ব।’