মারা গেছেন ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট কার্লোস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট কার্লোস অ্যান্দ্রেস পেরেজ গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মারা গেছেন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। কার্লোসের মেয়ে ভেনেজুয়েলার গ্লোবোভিশন টিভি চ্যানেলকে তাঁর বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেন। কার্লোস হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে গ্লোবোভিশন জানিয়েছে।কার্লোস দুই দফায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। প্রথম দফায় তিনি ১৯৭৪ সাল থেকে ১৯৭৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। দ্বিতীয় দফায় তিনি প্রেসিডেন্ট ছিলেন ১৯৮৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত। তাঁর প্রথম মেয়াদের সময়কালকে ভেনেজুয়েলার অর্থনীতির উত্থানকাল হিসেবে অভিহিত করা হয়। কারণ, এ সময় ওপেকের কল্যাণে তেলের দাম হঠাত্ বেড়ে যাওয়ায় তা ভেনেজুয়েলার জন্য লাভজনক ছিল।১৯৮৯-১৯৯৩ সাল পর্যন্ত কার্লোসের দ্বিতীয় মেয়াদে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। ১৯৯৩ সালে জোর করেই তাঁকে ক্ষমতাচ্যুত করা হয়। সরকারি তহবিলের লাখ লাখ ডলার অর্থের সঠিক হিসাব দিতে ব্যর্থ হওয়ায় তাঁর কারাদণ্ড হয়। তবে কার্লোস চিরদিনই তাঁর বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ অস্বীকার করে এসেছেন। বিবিসি অনলাইন।