মারা গেল বিশ্বের সবচেয়ে বড় কুমির
মানুষের হাতে আটক বিশ্বের সবচেয়ে বড় কুমির লোলং মারা গেছে। পেটের সমস্যায় আক্রান্ত হয়ে ২১ ফুট (৬ দশমিক ৪ মিটার) দীর্ঘ ও এক হাজার ৭৫ কেজি ওজনের এ কুমিরটির মৃত্যু হয়।আজ সোমবার ফিলিপাইনের কর্তৃপক্ষ কুমিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলে বিবিসি অনলাইনের খবরে জানানো হয়।২০১১ সালের সেপ্টেম্বরে ফিলিপাইনে কুমিরটিকে আটক করে বুনাওয়ান শহরের একটি পার্কে রাখা হয়। এটি কমপক্ষে একজন মানুষের মৃত্যুর জন্য দায়ী। তবে বিশাল শরীরের কারণে কুমিরটি সবার কাছে আকর্ষণীয় হয়ে ওঠে। গত বছরই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুক লোলংকে আনুষ্ঠানিকভাবে বিশ্বের আটক থাকা কুমিরগুলোর মধ্যে সবচেয়ে বড় বলে স্বীকৃতি দেয়।বুনাওয়ান শহরের মেয়র এডউইন ইলোরদে জানান, প্রায় এক মাস আগে থেকে কুমিরটি খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছিল। তা ছাড়া তার শরীরের রংও বদলে যাচ্ছিল। এর পর এটির পেট অস্বাভাবিকভাবে ফুলে ওঠে।ইলোরদে জানান, বন্যপ্রাণী বিশেষজ্ঞ লোলংয়ের মৃত্যুর বিষয়টি তদন্ত করবে। এ ছাড়া লোলংয়ের দেহ সংরক্ষণ করা হবে বলেও তিনি বেশ আশাবাদী।