মারা যাচ্ছে রেণু পোনা
টানা খরা, ঘন ঘন লোডশেডিং এবং প্রচণ্ড গরমে বগুড়ার আদমদীঘিতে অর্ধশতেরও বেশি মৎস্য হ্যাচারির লাখ লাখ রেণু পোনা মরে যাচ্ছে। এর ফলে একদিকে হ্যাচারির মালিকদের চরম লোকসান গুনতে হচ্ছে, অন্যদিকে ব্যাহত হচ্ছে রেণু পোনা উৎপাদন।আদমদীঘি মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলায় একটি সরকারি মৎস্য হ্যাচারি ছাড়াও ব্যক্তিমালিকানায় প্রায় অর্ধশত হ্যাচারি আছে। এই হ্যাচারি-শিল্পের সঙ্গে জড়িয়ে আছে কয়েক হাজার শ্রমিক। হ্যাচারিগুলোতে প্রতিদিন উৎপাদন হচ্ছে বিভিন্ন মাছের লাখ লাখ রেণু পোনা। উৎপাদিত রেণু পোনা এলাকার চাহিদা মিটিয়ে বিক্রি করা হয় দেশের বিভিন্ন এলাকায়।আদমদীঘি জি এম অ্যাশেয়া ফার্মের মালিক আবদুল মহিত তালুকদার বলেন, ভালো মাটি ও পানির জন্য এ এলাকা পোনা চাষের জন্য উপযোগী ও সম্ভাবনাময়। তাই এখানে ব্যাপক হারে মাছের পোনা চাষের প্রসার ঘটেছে। কিন্তু ঘন ঘন লোডশেডিং ও প্রাকৃতিক বিপর্যয়ে পোনা চাষ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তিনি বলেন, বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন না হলে পোনা উৎপাদন ব্যাহত হবে। তিনি হ্যাচারিগুলোতে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।উপজেলার ছোট আখিড়া গ্রামের হ্যাচারির মালিক মতিউর রহমান বলেন, ‘বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হলে আমাদের মতো ক্ষুদ্র হ্যাচারি মালিকদের পথে বসতে হবে।’ তিনি বলেন, একদিকে লোডশেডিং এবং অন্যদিকে টানা খড়া ও গরমে মাছের রেণু পোনা রক্ষা করা যাচ্ছে না। প্রতিদিন হাজার হাজার পোনা গরমে মরে যাচ্ছে।হ্যাচারির মালিক ইদল মৌত্র জানান, প্রচণ্ড গরমের কারণে পুকুরে যেমন পোনা মরছে, তেমনি পোনা মাছের ক্রেতারাও মাছ কিনতে সাহস পাচ্ছে না। ফলে পোনা বিক্রিতেও পড়েছে চরম ভাটা।উপজেলা মৎস্য কর্মকর্তা অদ্বৈত চন্দ্র বলেন, এ বছর দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ায় গরম বেড়েছে। তাই হ্যাচারিগুলোতে রেণু পোনা উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকলে রেণু পোনা নষ্ট হওয়া থেকে অনেকটা রক্ষা পাওয়া যেত।বিদ্যুৎ সরবরাহের ব্যাপারে সান্তাহার বিদ্যুৎ সরবরাহকেন্দ্রের প্রকৌশলী রেজানুর রহমান বলেন, এ সময় সাধারণত ইরি-বোরো পাম্পে বিদ্যুৎ সরবরাহ করায় বিদ্যুতের ঘাটতি বেড়ে যায়। বর্তমানে প্রয়োজনের তুলনায় বিদ্যুতের সরবরাহ অনেক কম। সরবরাহ বাড়লে হ্যাচারিগুলোও স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ পাবে।