মারাঠিদের হূদয়ের সম্রাট বাল ঠাকরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয়তার শুরুটা হয়েছিল কার্টুন এঁকে। একজন নিতান্ত সাধারণ মানুষ হিসেবে ঘড়ি ধরে অফিস করতেন শিবসেনা-প্রধান বাল ঠাকরে। কিন্তু ‘ফ্রি প্রেস জার্নাল’-এ কার্টুন আঁকাটা তাঁর খুব বেশি দিন ভালো লাগেনি। তাই ১৯৬০ সালে চাকরি ছেড়ে দেন তিনি। কিন্তু কার্টুন আঁকা ছিল তাঁর নেশা। এই নেশার টানে ওই বছরই ‘মার্মিক’ নামে একটি রাজনৈতিক সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন তিনি। শুরু হয় তাঁর নতুন পথচলা। তারপর ওই ‘মার্মিক’ পত্রিকার মাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করতে থাকেন। একসময় অনেক সমর্থকও জুটে যায় তাঁর। ১৯২৬ সালের ২৩ জানুয়ারি জন্ম নেওয়া বালা সাহেব ঠাকরে কার্টুনিস্ট থেকে এভাবেই ধীরে ধীরে রাজনীতিবিদ ও শিবসেনা-প্রধান বাল ঠাকরে হয়ে ওঠেন। বাবা কেশব সীতারাম ঠাকরের পথ অনুসরণ করে ১৯৬৬ সালে একটি রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নেন তিনি। সেই সিদ্ধান্ত অনুযায়ী ওই বছরের ১৯ জুন গড়ে ওঠে শিবসেনা। ‘মহারাষ্ট্র হবে মহারাষ্ট্রের অধিবাসীদের জন্য’ এবং ‘মহারাষ্ট্রে মারাঠিদের চাকরি নিশ্চিত করতে হবে’—এই স্লোগান নিয়ে নির্বাচনে নামে শিবসেনা। ১৯৯৫ সালে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে জোট বেঁধে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে জয় পায় দলটি। তবে বাল ঠাকরে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেননি। আর এভাবেই জনপ্রিয়তার শীর্ষে উঠে যান শিবসেনা-প্রধান। একসময় মারাঠিদের কাছে তিনি ‘হিন্দু হূদয়ের সম্রাট’ হিসেবেও বিবেচিত হতে থাকেন।পরে ১৯৯৯ সাল থেকে টানা ছয় বছর নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে বাল ঠাকরের ওপর নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন।শিবসেনা মারাঠিদের অধিকার আদায়ে অনেক ক্ষেত্রে আন্দোলন করেছে। ভারত-পাকিস্তানের ক্রিকেট ম্যাচ আয়োজনের প্রতিবাদে ২০০৩ সালের ডিসেম্বরে আগ্রায় একটি মাঠের পিচ নষ্ট করে দেয় শিবসেনার সমর্থকেরা। জনপ্রিয়তার পাশাপাশি অভিযোগেরও শেষ ছিল না শিবসেনা নিয়ে। একসময় ভেঙেও যায় দল। অন্তঃকোন্দলের কারণে শিবসেনা থেকে বেরিয়ে বাল ঠাকরের ভাইয়ের ছেলে রাজ ঠাকরে নতুন দল গঠন করেন। তার পরও জনপ্রিয়তায় ঘাটতি পড়েনি মারাঠিদের হূদয়ের সম্রাট বাল ঠাকরের।