মারামারির ঘটনায় বুয়েটে তদন্ত কমিটি গঠন
ক্লাস করা নিয়ে দুই শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে মারামারি এবং এ ঘটনাকে কেন্দ্র করে অনির্দিষ্টকালের জন্য বুয়েট বন্ধ করে দেওয়ার ঘটনায় আজ রোববার তদন্ত কমিটি গঠন করেছে বুয়েট কর্তৃপক্ষ। কমিটিকে চার সপ্তাহের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।আজ দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, সংশ্লিষ্ট ডিনরা, হল প্রাধ্যক্ষরা উপস্থিত ছিলেন। বৈঠকে একজন অধ্যাপককে সভাপতি করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে ওই অধ্যাপকের নাম জানানো হয়নি।জানতে চাইলে বুয়েটের উপাচার্য অধ্যাপক এ এম এম শফিউল্লাহ প্রথম আলোকে বলেন, ‘মারামারির কারণ ও এতে জড়িতদের শনাক্ত করা, কবে নাগাদ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে সেসব বিষয় খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’উল্লেখ্য, ক্লাস করা নিয়ে দুই ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে মারামারিকে কেন্দ্র করে গত শনিবার বিকেলে বুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। কর্তৃপক্ষের সিদ্ধান্তে ওই দিন রাতেই ছাত্ররা হল ছেড়ে চলে যায়। আর আজ সকাল ১০টার মধ্যে হল ছাড়ে ছাত্রীরা।