মারিও গোমেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরো নাম: মারিও গোমেজ গার্সিয়াডাকনাম: তোরেরো (যোদ্ধা)জন্ম: ১০ জুলাই, ১৯৮৫জন্মস্থান: রিডলিনজেন (জার্মানি)উচ্চতা: ৬ ফুট আড়াই ইঞ্চিপজিশন: স্ট্রাইকারবর্তমান ক্লাব: বায়ার্ন মিউনিখপ্রিয় ও অন্যান্যঅন্য খেলা: টেনিস, বিলিয়ার্ডপছন্দের মানুষ: খোলা মনেরমানুষের যে গুণ পছন্দ: সততাদর্শন: কখনোই হাল ছেড়ো নাশখ: বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়াঅবসর কাটে: বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গেভিএফবি স্টুটগার্ট থেকে তিন কোটি ইউরোরও বেশি দিয়ে যখন বায়ার্ন মিউনিখ কিনে নিল তাঁকে, অনেক ফুটবল বোদ্ধারই চক্ষু চড়কগাছ। হ্যাঁ, সে ভালো খেলে, গোলও পাচ্ছে নিয়মিত; তাই বলে এত দাম! কিন্তু বুন্দেসলিগায় ট্রান্সফার ফির নতুন রেকর্ড গড়েই মারিও গোমেজ এলেন বায়ার্নে।নতুন ক্লাবে গোমেজের প্রথম মৌসুমটা কেটে গেল ‘প্রত্যাশার চাপ’ সামলাতে সামলাতেই। ফলাফল লিগে ২৯ ম্যাচে মাত্র ১০ গোল। পরের মৌসুমে শুরুতেও পারফরম্যান্সের পারদটা উঠল না। টানা ৮ ম্যাচে কোনো গোলই পেলেন না। রেকর্ড পারিশ্রমিক দিয়ে তাঁকে কেনায় যাঁরা সমালোচনা করেছিলেন, তাঁরা মুখর হলেন। গোল-খরা ভাবিয়ে তুলল গোমেজকে। একটা দুশ্চিন্তা মাথায় নিয়েই একদিন টিভি দেখছিলেন মনমরা গোমেজ। টিভিতে সরাসরি দেখানো হচ্ছিল চিলিতে ৭০০ মিটার মাটির নিচে আটকে পড়া খনিশ্রমিকদের উদ্ধার অভিযান। ক্যাপসুল লিফটে করে যখন শেষ শ্রমিককে অন্ধকার থেকে আলোয় আনা হলো, ঘটনার ধারা বর্ণনাকারী বলে গেলেন, ৩৩ কর্মীর ৩৩ জনকেই উদ্ধার করা হয়েছে। গোমেজের কানে এলো, উদ্ধার পাওয়া সবচেয়ে বর্ষিয়ান শ্রমিকের নাম মারিও গোমেজ।শ্রমিকসংখ্যার ৩৩ নম্বরটিকে গোমেজ মেলালেন বায়ার্নে তাঁর জার্সি নম্বরের সঙ্গে। নিজের নামের সঙ্গে উদ্ধার পাওয়া বর্ষিয়ান শ্রমিকের নাম মিলিয়ে মনের অজান্তে আত্মবিশ্বাসীও হয়ে উঠলেন গোমেজ—‘কোচ যদি আমাকে পরের ম্যাচে খেলান গোল আমি পাবই পাব।’ পরের ম্যাচে হ্যানোভারের বিপক্ষে মাঠে নেমেই গোল পেলেন। তার পরের ম্যাচে হ্যাটট্রিক। একটি দুটি নয়, চারটি করে ওই মৌসুমে সর্বোচ্চ হ্যাটট্রিকের নতুন রেকর্ড গড়লেন বুন্দেসলিগায়। ২৮ গোল নিয়ে হলেন লিগের সর্বোচ্চ গোলদাতাও!ফর্মটা ধরে রেখেছেন চলতি মৌসুমেও। তিনটি হ্যাটট্রিক করেছেন লিগে, গোল ১৫টি। যে ফর্মে এগিয়ে যাচ্ছেন তাতে হুমকির মুখে ফেলে দিয়েছেন একই আসরে ৪০ বছর অক্ষত থাকা জার্ড মুলারের ৪০ গোলের রেকর্ডটিকে। নতুন রেকর্ড যদি গড়তে না-ও পারেন গোমেজ তাতেও ক্ষতি নেই। এরই মধ্যে গোমেজ যে ‘বায়ার্নের মেসি’ হয়ে উঠেছেন। বায়ার্নের সাবেক কোচ ওটমার হিজফেল্ডই তো বলেছেন, ‘বার্সেলোনায় মেসি যেমন, বায়ার্নে গোমেজ ঠিক তেমনই।’শুধু বায়ার্ন নয়, এখন জার্মান জাতীয় দলেরও প্রাণভোমরা যেন গোমেজ। ৭ ফেব্রুয়ারি, ২০০৭, সুইজারল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক। গোলেই অভিষিক্ত গোমেজ পরের ম্যাচে ইউরো বাছাইয়ে সান ম্যারিনোর বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে করেন জোড়া গোল। একটা সময় বদলি হিসেবেই খেলতে হয়েছে তাঁকে। তবে এখন জার্মান দলেও তিনি অপরিহার্য স্ট্রাইকার।চাইলে খেলতে পারতেন স্পেন দলেও। গোমেজের বাবা স্প্যানিশ। মা জার্মান। বাবার সূত্রে গোমেজ স্পেনেরও নাগরিক। কিন্তু স্প্যানিশ দলে ঢোকার চেষ্টাই করেননি। ১৭ বছর বয়সে পাকা সিদ্ধান্ত জার্মানির পক্ষেই খেলবেন।ছোটবেলাতেই বোঝা গিয়েছিল মহল্লার আর দশজনের চেয়ে ভালো ফুটবল খেলেন গোমেজ। মাত্র ১৪ বছর বয়সে স্থানীয় এসএসভি উলম ১৮৪৬ ক্লাবের যুব প্রকল্পে ভর্তি করে দেওয়া হয়েছিল তাঁকে। সেখানে দুই বছর কাটানোর পর জায়গা হয় ভিএফবি স্টুটগার্টের যুবদলে। আরও দুই বছর পর ক্লাবের সিনিয়র দলে অভিষেক। ২০০৬-০৭ মৌসুমে স্টুটগার্টকে লিগ চ্যাম্পিয়ন করে নির্বাচিত হন জার্মানির বর্ষসেরা ফুটবলার।পড়াশোনা করেছেন কারিগরি বিদ্যালয়ে। ব্যক্তি হিসেবে খুবই খোলামেলা। মিশুকও। নির্ধারিত সময়ে ঘুম থেকে ওঠা, খাওয়া, অনুশীলনে যাওয়ায় কখনোই হেরফের হয় না। সময়নিষ্ঠতা গোমেজের বড় গুণ। কয়েক বছর ধরেই চুটিয়ে প্রেম করছেন সিলভিয়ার সঙ্গে। অবসরের অনেকটা সময় নিয়ে নেন হবু জীবনসঙ্গী, পরিবারের জন্যও বরাদ্দ কিছু সময়। তবে বেশি সময় দেন ফুটবলকেই। ‘বায়ার্নের মেসি’ গোমেজ সত্যিই হতে চান ‘জার্মান-মেসি’। যাঁর জীবনের দর্শন ‘কখনোই হাল ছেড়ো না’, অভীষ্ট লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত কোনো কিছু কি তাঁকে আটকাতে পারে! শাহরিয়ার ফিরোজ