মারিশ্যা বিডিআর বিদ্রোহের বিচার ১০ জানুয়ারি পর্যন্ত মুলতবি
বিডিআর বিদ্রোহের ঘটনায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-৯ রাইফেলস ব্যাটালিয়নের ৭৫ জওয়ানের বিচার কার্যক্রম আজকের মতো শেষ হয়ে তা আগামী বছরের ১০ জানুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছে। বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলামের সভাপতিত্বে রাঙামাটি সেক্টর সদর দপ্তরে স্থাপিত এই বিশেষ আদালত আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় শুরু হয়। মাঝে ২৫ মিনিট বিরতি দিয়ে আদালত চলে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত।আজ আদালতে দুই জন বিডিআর এনসিও (নন কমিশন্ড অফিসার) সাক্ষ্য দেন। সব মিলিয়ে মারিশ্যা-৯ রাইফেলস ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনার বিচার কার্যক্রমে মোট ২৫ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। বিচারকাজে বিডিআরের মহাপরিচালককে সহায়তা করছেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সোহরাওয়ার্দী। বিডিআরের পক্ষে উপস্থিত আছেন লেফটেন্যান্ট কর্নেল মো. আবদুর রউফ ও মেজর গোলাম মোস্তফা আল মামুন। বাদীপক্ষের কৌঁসুলি হিসেবে ছিলেন বিডিআরের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল শামীমুর রহমান। বিচারের পরবর্তী তারিখ ১০ জানুয়ারি কেন—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে বাদীপক্ষের কৌঁসুলি লেফটেন্যান্ট কর্নেল শামীমুর রহমান বলেন, ‘অনেক ব্যাপার মিলিয়ে ১০ জানুয়ারি বিচারের পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। আমাদের হাতে আরও কয়েকটি ব্যাটালিয়নের বিচারের কার্যক্রম রয়েছে। এর মধ্যে আদালতের সভাপতি মেজর জেনারেল মইনুল ইসলাম বদলি হয়ে যাবেন। সেটাকেও বিবেচনায় আনা হয়েছে। সব মিলিয়ে ১০ জানুয়ারির আগে এ বিচারের শুনানি শুরু করার কোনো সুযোগ ছিল না।’এ ব্যাপারে বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম বলেন, চিন্তাভাবনা করেই ১০ জানুয়ারি এ ব্যাটালিয়নের বিচারের পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।