মারিশ্যা ব্যাটালিয়নের মামলায় আরও ১২ জনের সাক্ষ্য গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহের ঘটনায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা নয় রাইফেলস ব্যাটালিয়নের ৭৫ জওয়ানের বিরুদ্ধে করা মামলায় আরও ১২ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। বিডিআরের রাঙামাটি সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-৪-এ গতকাল সোমবার এই সাক্ষ্য নেওয়া হয়। বিডিআরের বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলামের সভাপতিত্বে গতকাল সকালে আদালতের কার্যক্রম শুরু হয়। তাঁকে সহযোগিতা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সোহ্রাওয়ার্দী, বিডিআর কর্মকর্তা লে. কর্নেল আবদুর রউফ ও মেজর গোলাম মোস্তাফা আল মামুন। মাঝে ৩০ মিনিট বিরতি দিয়ে সকাল নয়টা থেকে বেলা একটা ১০ মিনিট পর্যন্ত আদালতের কার্যক্রম চলে। আদালত মঙ্গলবার সকাল সাড়ে নয়টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। বাদীপক্ষের কৌঁসুলি ছিলেন লে. কর্নেল শামীমুর রহমান। তাঁকে সহায়তা করেন আইনজীবী মোশাররফ হোসেন ও রেজাউল করিম। আসামিদের সহায়তাকারী (ফ্রেন্ড অব অ্যাকিউজড) ছিলেন মেজর এনামুল করিম। এ ছাড়া বেসামরিক আইনজীবী কাজী বশির আহমেদ এবং স ম আবদুর রব আসামিদের পরামর্শ দেন।গতকাল যে ১২ জনের সাক্ষ্য নেওয়া হয় তাঁদের মধ্যে ১০ জন বেসামরিক ব্যক্তি, একজন বিডিআর কর্মকর্তার ব্যক্তিগত কর্মচারী ও অপরজন অবসর প্রস্তুতিকালীন ছুটিতে থাকা বিডিআরের সুবেদার মেজর। এ নিয়ে এই মামলায় ২৩ জনের সাক্ষ্য নেওয়া হলো। এর আগে গত ১৭ ও ১৮ ফেব্রুয়ারি বিডিআর কর্মকর্তাসহ ১১ জনের সাক্ষ্য নেওয়া হয় বলে বাদীপক্ষের কৌঁসুলি জানান। এদিকে গতকাল আরও ১৬ জনকে সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করায় এ মামলায় সাক্ষীর সংখ্যা দাঁড়াল ১০০ জনে। আদালতের শুরুতে আসামিরা সবাই উপস্থিত আছেন কি না জানতে চান সভাপতি। এ সময় সরকারি কৌঁসুলি আসামিরা সবাই উপস্থিত আছেন বলে আদালতকে জানান। এরপর ১২ থেকে ২৩ নম্বর পর্যন্ত সাক্ষীরা একে একে তাঁদের সাক্ষ্য দেন। ২৩ নম্বর সাক্ষী অবসর প্রস্তুতিকালীন ছুটিতে থাকা বিডিআরের সুবেদার মেজর সিকদার মোয়াজ্জেম হোসেনকে জেরা করেন আসামি সিপাহি কাজী সৌরভ। তিনি মোয়াজ্জেমের উদ্দেশে বলেন, ‘আপনি কাগজ দেখে সাক্ষ্য দিয়েছেন, সুতরাং তা মিথ্যা।’ এ সময় আদালতের সভাপতি আসামি কাজী সৌরভের উদ্দেশে বলেন, ‘আপনি যে প্রশ্ন করেছেন তা ঠিক নয়। তিনি (মোয়াজ্জেম) জওয়ানদের নম্বর ও ঘটনাগুলো মনে করতে চিরকুট নিয়েছেন।’ এ পর্যায়ে সভাপতিও কাগজের আয়তন ও পৃষ্ঠাসংখ্যা জানতে চান। সাক্ষী বলেন, ‘আমি যা সাক্ষ্য দিয়েছি তা সত্য।’ চিরকুট উঁচিয়ে তিনি বলেন, ‘এখানে ১৯টি পৃষ্ঠা রয়েছে।’ গত বছর ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের জের ধরে বাঘাইছড়ির মারিশ্যা নয় রাইফেল ব্যাটালিয়নেও বিদ্রোহ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ৭৫ জওয়ানকে আসামি করে মামলা করা হয়। গত বছর ৩০ ডিসেম্বর এ মামলার বিচারকাজ শুরু হয়।খুলনায় ৪৮ জওয়ানকে আদালতে হাজির: খুলনায় আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, থানায় করা মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য খুলনার ২৩ রাইফেল ব্যাটালিয়নের ৪৮ জওয়ানকে গতকাল মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে নেওয়া হয়। হাকিম ওই মামলায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।আদালত সূত্রে জানা যায়, আদালতে করা মামলায় জেলা ও দায়রা জজ আদালতে গত ২১ এপ্রিল অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। কিন্তু আইনগত জটিলতার কারণে তা করা সম্ভব হয়নি। পরে গত ২৯ এপ্রিল খালিশপুর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাইয়ুম বাদী হয়ে ৪৯ জনকে আসামি করে থানায় মামলা করেন। এই মামলার ৪৮ আসামিকে গতকাল সিএমএম আদালতে হাজির করা হয়। মামলার অপর আসামি অসুস্থ।