মারিশ্যা ব্যাটালিয়নের ৭৫ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির মারিশ্যা ৯ ব্যাটালিয়নের বিডিআর বিদ্রোহের মামলায় গতকাল সোমবার ৭৫ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। রাঙামাটির বিডিআর সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালতে আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ উপস্থাপনের পর অভিযোগ গঠন করা হয়। এর আগে বেসরকারি কৌঁসুলি নিয়োগ নিয়ে পাঁচ আসামিকে ভর্ত্সনা ও সতর্ক করেন আদালত।গতকাল অভিযোগ গঠনের আগে বেসরকারি কৌঁসুলিকে সরাসরি শুনানিতে অংশ নেওয়ার আবেদন জানান ৫৫ আসামি। কিন্তু বিডিআর আইনে সুযোগ না থাকায় আদালত আবেদনটি খারিজ করেন। ২২ আসামি বেসরকারি কৌঁসুলি হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম আবদুর রউফকে নিয়োগ দেন। সকালে কৌঁসুলি রউফ দাঁড়িয়ে সরাসরি শুনানিতে অংশ নেওয়া যায় কি না—এ বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। আদালতের সভাপতি বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম বিডিআর আইনের সংশ্লিষ্ট ধারা পড়ে শোনান।আদালতের সভাপতি মইনুল ইসলাম বেসরকারি কৌঁসুলির প্রস্তাব নাকচ করে বলেন, ‘এটা সাধারণ কোনো আদালত নয়। বিডিআর বিদ্রোহের বিচার বিডিআর আইনেই হচ্ছে। তাই বেসরকারি কোনো কৌঁসুলি শুনানিতে সরাসরি অংশ নিতে পারবেন না। কেবল আসামিকে সাহায্য করতে পারবেন।’এর আগে ২২ জন আসামি ছাড়া অন্যরা বেসরকারি কৌঁসুলি নিয়োগ দেবেন কি না, তা আদালত জানতে চান। কিন্তু সকালের দিকে ৫৩ আসামি এ বিষয়ে কিছু বলেননি। তাই বিডিআরের মেজর এনামুল করিমকে তাঁদের কৌঁসুলি (ফ্রেন্ডস অব দ্য অ্যাকিউজড) হিসেবে নিয়োগ দেন আদালত।গতকাল দুপুরের পর বাদী বিডিআরের নায়েক সুবেদার রেজাউর রহমান আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া শুরু করেন। বিরতির পর বিকেলে আদালতের কার্যক্রম আবার শুরু হলে পাঁচ আসামি দাঁড়িয়ে বেসরকারি কৌঁসুলি নিয়োগ দেওয়ার দাবি জানান। আদালত আসামিদের ভর্ত্সনা করে বলেন, ‘আপনারা একেক সময় একেক কথা বলেন। আপনারা কী চান, তা স্থির করুন। এ বিষয়ে সকালে আপনাদের মতামত চাওয়া হয়েছিল। আপনারা কিছুই বলেননি।’এক আসামি আদালতকে বলেন, ‘আমরা তড়িঘড়ি চিন্তা করে সিদ্ধান্ত দিতে পারিনি।’ আদালতের সভাপতি বলেন, ‘তড়িঘড়ি সিদ্ধান্ত নিতে না পারায় তো এ রকম একটি শৃঙ্খলিত বাহিনীতে বিদ্রোহ হয়।’অভিযোগ গঠন: মারিশ্যা বিদ্রোহের মামলার কৌঁসুলি লে. কর্নেল শামীমুর রহমান আসামিদের বিরুদ্ধে গতকাল সকালে অভিযোগ পড়ে শোনান। এরপরই আদালতের সভাপতি ৭৫ জওয়ানের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ উপস্থাপন করে অভিযোগ গঠনের আদেশ দেন।আইন অনুযায়ী অভিযোগ গঠনের পর আসামিরা দোষী না নির্দোষ—জিজ্ঞেস করা হলে সবাই নিজেদের নির্দোষ দাবি করেন।আসামিদের বিরুদ্ধে অভিযোগ: আসামিদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনা হয়। এগুলোর মধ্যে গত বছরের ২৬ ফেব্রুয়ারি বিডিআরের উপসহকারী পরিচালক বিজয় ম্যানুয়েল ডি প্যারিসের নেতৃত্বে বিদ্রোহ, তত্কালীন অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমানের নির্দেশ অমান্য করে জমায়েতে হাজির না হওয়া, মারিশ্যা-দীঘিনালা সড়কে সেতুর প্লেট তুলে কর্মকর্তাদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, কর্মকর্তাদের হুমকি, অস্ত্র ও ওয়াকিটকি কেড়ে নেওয়া, অধিনায়কের গাড়ি তালাবদ্ধ রাখা, বিদ্রোহের উসকানি ছড়াতে প্রীতিভোজের আয়োজন, অস্ত্রাগারের তালা ভেঙে অস্ত্রশস্ত্রে সজ্জিত হওয়া, বিদ্রোহের পর মারিশ্যা বাজারে মাইকিং করে আতঙ্ক ছড়ানো, দীঘিনালায় প্রত্যাগত শান্তিবাহিনীর রেশন বিতরণে উপস্থিত থাকতে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশের পরও দায়িত্ব পালন না করা, উদ্দেশ্যপ্রণোদিতভাবে সেনাবাহিনী কর্তৃক মারিশ্যা বিডিআর ক্যাম্পে আক্রমণের গুজব ছড়ানোসহ নানা অভিযোগ রয়েছে।আজ যুক্তিতর্ক: রাজনগর ১২ ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় আজ মঙ্গলবার যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। এরপর এ মামলার রায় ঘোষণা হবে। রায় ঘোষণার তারিখ আজ ধার্য হবে বলে আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়। রায় হলে এটি হবে বিডিআর বিদ্রোহ মামলার প্রথম রায়।গত বছরের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এর জের ধরে রাঙামাটির রাজনগর, মারিশ্যাসহ দেশের বিভিন্ন স্থানে বিডিআর জওয়ানেরা ঢাকার বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। বিদ্রোহের মামলায় অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি সাত বছরের কারাদণ্ড।