রাঙামাটির মারিশ্যা ৯ ব্যাটালিয়নে বিডিআর বিদ্রোহ মামলায় আজ বৃহস্পতিবার আরও ছয়জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। আজ সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আগামী ৩ মে সকাল নয়টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। সকাল সাড়ে আটটায় এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে শেষ হয় বেলা দেড়টায়। এ নিয়ে গত মঙ্গলবার থেকে আজ পর্যন্ত মোট ১১ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। রাঙামাটি সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিডিআরের বিশেষ আদালত-৪-এ গত ৩০ ডিসেম্বর এ মামলার বিচারকাজ শুরু হয়।গত বছরের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের জের ধরে ২৬ ফেব্রুয়ারি মারিশ্যা ব্যাটালিয়নে এই ৭৫ জন আসামি বিদ্রোহে জড়িয়ে পড়ে বলে অভিযোগ রয়েছে। আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম। বিচারকাজে তাঁকে সহায়তা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সোহরাওয়ার্দী, বিডিআরের কর্মকর্তা লে. কর্নেল আবদুর রউফ ও মেজর এ জেড এ গোলাম মুস্তফা আল মামুন।