রাঙামাটির মারিশ্যা ৯ ব্যাটালিয়নে বিডিআর বিদ্রোহের মামলায় আরও চারজন গতকাল বুধবার বিশেষ আদালতে সাক্ষ্য দিয়েছেন। তাঁরা হলেন মারিশ্যা ব্যাটালিয়নের তত্কালীন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান, মেজর (বর্তমানে লে. কর্নেল) মো. কবীর আহাম্মদ, মেজর ইকবাল ইউসুফ ও লে. (বর্তমানে ক্যাপ্টেন) মো. মাহমুদুর রহমান।গত বছরের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এ ঘটনায় সারা দেশে বিডিআর ব্যাটালিয়ন ও সেক্টরে বিদ্রোহ দেখা দেয়। এসব ঘটনায় ঢাকা ছাড়াও রাঙামাটির রাজনগর ও মারিশ্যাসহ দেশের বিভিন্ন স্থানে মামলা হয়। গত মঙ্গলবার রাজনগর মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে।গতকাল রাঙামাটিতে গঠিত বিশেষ আদালতের সভাপতি বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলামের সভাপতিত্বে সকাল নয়টায় মারিশ্যার বিদ্রোহের বিচারকাজ শুরু হয়। এ সময় তাঁকে সহায়তা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সোহরাওয়ার্দী, বিডিআর কর্মকর্তা লে. কর্নেল আবদুর রউফ ও মেজর গোলাম মুস্তফা আল মামুন। এ মামলায় বাদীপক্ষের কৌঁসুলি লে. কর্নেল শামীমুর রহমান। তাঁকে সহায়তা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোশাররফ হোসেন। মামলার ১ নম্বর সাক্ষী নায়েক সুবেদার রেজাউর রহমানের অসমাপ্ত জেরার মাধ্যমে বিচারকাজ শুরু হয়। প্রায় দুই ঘণ্টা ধরে আরও সাত আসামি তাঁকে জেরা করেন। এর মধ্য দিয়ে মারিশ্যা ৯ ব্যাটালিয়নের প্রথম সাক্ষীর জেরা শেষ হলো।বেলা সোয়া ১১টার দিকে তত্কালীন মারিশ্যা ৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান প্রায় দুই ঘণ্টা ধরে বিদ্রোহের বর্ণনা দেন। একইভাবে লে. কর্নেল মো. কবীর আহাম্মদ ও মেজর ইকবাল ইউসুফ বিদ্রোহের বর্ণনা দেন। পরে মারিশ্যা ব্যাটালিয়নের অধীন দোসর ক্যাম্পের তত্কালীন অধিনায়ক বর্তমানে ক্যাপ্টেন মাহমুদুর রহমান তাঁর ক্যাম্পের বিদ্রোহের ঘটনা তুলে ধরেন। গতকাল অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমানকে ১৩ আসামি জেরা করেন। এরপর দোসর ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন মো. মাহমুদুর রহমানকে এক আসামি জেরা করেন। জেরার পর আদালত আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত মুলতবি করা হয়।