মারিয়ানা ট্রেঞ্চে নামছেন ক্যামেরন
অস্কারজয়ী চলচ্চিত্রনির্মাতা জেমস ক্যামেরনের উদ্ভাবক পরিচয়ও সবার জানা। নিজের ‘ডিপসি চ্যালেঞ্জার’ নামের ডুবোজাহাজ নিয়ে পাপুয়া নিউগিনির কাছে প্রশান্ত মহাসাগরের ৫ দশমিক ১ মাইল গভীরে নেমে একক ডুবোজাহাজে সবচেয়ে গভীরে নামার রেকর্ড গড়েছেন তিনি। জেমস ক্যামেরনের বরাত দিয়ে দ্য নিউইয়র্ক টাইমস গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, নিজের এ রেকর্ড আবারও ভাঙার পরিকল্পনার কথা জানিয়েছেন ক্যামেরন। চলতি মাসের শেষেই আবারও প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চের গভীরে ডুব দেবে তাঁর ডুবোজাহাজ।প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চ গভীর একটি খাদ। গুয়াম থেকে ২০০ মাইল দক্ষিণ-পূর্বে মারিয়ানা ট্রেঞ্চের অবস্থান। এ খাদটি ৬ দশমিক ৮ মাইল গভীর। এখন পর্যন্ত কেবল দুজন মানুষ নেমেছে প্রশান্ত মহাসাগরের এই খাদে। ১৯৬০ সালে মার্কিন দুই নৌসেনা ২০ মিনিটের জন্য মারিয়ানা ট্রেঞ্চে নামতে পেরেছিল।এ প্রসঙ্গে জেমস ক্যামেরন জানিয়েছেন, ‘আমি মোটেও ভয় পাচ্ছি না। আমি মারিয়ানা ট্রেঞ্চে নামার জন্য অনুশীলন চালিয়ে যাচ্ছি। আমাকে কেবল মনে রাখতে হবে যে সবকিছু ঠিকঠাক কাজ করছে এবং প্রকৌশলীদের ওপর বিশ্বাস রাখতে হবে যে তাঁরা সব ঠিকঠাক বসিয়েছেন। এ ছাড়া সমুদ্রের গভীরতায় পানির চাপের কথাটিও মাথায় রাখতে হবে।’ দুঃসাহসিক যাত্রার সঙ্গী হিসেবে ডিপসি চ্যালেঞ্জার নামের সাবমেরিন বা ডুবোজাহাজে করে মারিয়ানা ট্রেঞ্চের ‘ভিনগ্রহবাসী’ প্রাণীদের সঙ্গে ছয় ঘণ্টা কাটানোর পরিকল্পনাও করেছেন ক্যামেরন। অচেনা প্রাণীদের ভিডিও ধারণ করে কিছু নমুনা সংগ্রহ করার কথাও জানিয়েছেন তিনি।