মারীদার মতো হতে চেয়েছিলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিংবদন্তি ফুটবলার চিহ্লা মং চৌধুরী মারীকে খুব কাছ থেকে দেখেছেন। মাঠে ও মাঠের বাইরে মিশেছেন তাঁর সঙ্গে। সেই অভিজ্ঞতা থেকেই প্রয়াত মারীকে নিয়ে লিখেছেন বশীর আহমেদগ্রামীণফোন-প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার পেয়ে মারীদা কতটা সম্মানিত বোধ করেছিলেন জানি না, তবে তাঁর নামটা জুরিদের সামনে উপস্থাপন এবং তাঁকে নির্বাচিত করতে পেরে নিজেকে ধন্য মনে করেছি। তাঁর প্রতি আমার অন্তরে যে শ্রদ্ধা, সেটার কিছুটা প্রকাশ করতে পেরে সেদিন খুব ভালো লেগেছিল। আমি তাঁর অনেক বড় ভক্ত, আমার খেলোয়াড়ি জীবনে তিনি আমার আইডল, তাঁর খেলা নকল করতাম, মাঠে তাঁর হাঁটা-চলাফেরা নকল করতাম, দৌড়ানোর সময় মাথা ঝাঁকানোটাও নকল করতাম...একসময় খেলার মাঠে হাফ প্যান্ট কোমরে গুঁজে দেওয়ার চল এসেছিল, সে সময় মারীদা তাঁর বাঁ দিকের হাফ প্যান্ট কোমরে গুঁজে একটু উঁচু করে পরতেন সেটাও নকল করতাম। সেই মারীদার মৃত্যুসংবাদটা এমন একটা সময় শুনলাম, যখন আমি শারীরিক-মানসিকভাবে ক্লান্ত-পরিশ্রান্ত। শ্যামলী থেকে দুই ঘণ্টা সিএনজিতে গরমে সিদ্ধ হয়ে রাজউকে পৌঁছে দেখলাম, তাদের ঝিলমিল প্রকল্পের জন্য আমি এখনো ক্রীড়া ব্যক্তিত্ব হওয়ার মতো উপযুক্ত হইনি। পরাজিত হয়ে রাগে-দুঃখে-কষ্টে হতাশ হয়ে ফিরছি, নাক দিয়ে সর্দি ঝরছে, রুমাল ভিজে গেছে ওই অবস্থায় ক্রীড়াজগৎ অফিসে ঢুকলাম। সম্পাদক দুলাল মাহমুদ বলল, শুনেছেন, মারীদা মারা গেছেন। শুনেই আমি স্তব্ধ হয়ে গেলাম, আমার ভেতর এতক্ষণ যে জ্বালা-যন্ত্রণা ছিল, এক নিমিষে সব উবে গেল। কাছেই দুজন সাংবাদিক ছিলেন, তাঁরা জিজ্ঞেস করলেন, আপনি মারীদার সঙ্গে খেলেছেন? কী উত্তর দিয়েছি, সঠিক মনে নেই। সে মুহূর্তে মনে হয়েছে, আমার অন্তরে তাঁর প্রতি যে গভীর শ্রদ্ধা জমানো রয়েছে, সেটা যদি তাঁকে জানাতে পারতাম তাহলে আমার বুকটা হালকা হতো।১৯৫৭ সালে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের হয়ে ক্রিকেট-হকির সঙ্গে ফুটবল খেলাও শুরু করি। তখনো স্কুলের গণ্ডি পেরোইনি। খেলোয়াড়দের সঙ্গে পরিচয়ের সুযোগ হয়নি। মাহুৎটুলী থেকে গুলিস্তান এসে স্টেডিয়ামে খেলা দেখার চেয়ে আরমানীটোলা স্কুলমাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা ঢের আনন্দদায়ক। সুতরাং ঢাকার কোন ক্লাবে কারা খেলছে বা ঢাকার ভালো খেলোয়াড় কারা, সেটুকুও জানা হয়ে ওঠেনি। এমন সময় শুনতে পেলাম ইস্ট পাকিস্তান গ্রিন টিমের জন্য খেলোয়াড় বাছাই তালিকায় আমারও নাম আছে। স্বাগতিক বলে ইস্ট পাকিস্তান দুটি টিম করার সুযোগ পাবে—হোয়াইট ও গ্রিন। এই দুদলের ট্রায়ালে গিয়েই সেরা খেলোয়াড়দের দেখার এবং জানার সুযোগ হয়েছিল। ভালো ভালো খেলোয়াড়ের মধ্যেও বিশেষ একজনের খেলা আমার নজর কেড়েছিল। নাম জানলাম, মারী। তাঁর খেলা আমার ভালো লাগার আরও একটা কারণ ছিল, বল নিয়ে বিপক্ষ খেলোয়াড়কে তাঁর সাবলীল ভঙ্গিতে কাটানোর নিপুণতা আমাকে আকৃষ্ট করেছিল, আমি তাঁর পজিশনের খেলোয়াড় এবং বিপক্ষ খেলোয়াড়কে কাটাতে আমিও পছন্দ করি। যার জন্য বন্ধুরা বলত, ‘এত কেরি কাটছ কেন?’ আর ক্লাবের কর্মকর্তা বড়দা বলতেন, ‘এত প্যাঁচাস কেন রে?’মারীদার বল নিয়ে সাপের মতো এঁকেবেঁকে চলাটা, বিশেষ করে বিপক্ষ দলের সীমানায় ঢোকার সময়টা ছিল দেখার মতো, ছবির মতো। ইস্ট পাকিস্তান গ্রিন টিমের ট্রায়ালে ব্যথা পেয়ে খেলার ভাগ্য হয়নি। ১৯৫৮ সালে প্রথমবারের মতো ইস্ট পাকিস্তান ফুটবল টিমে চান্স পেলাম, জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ খেলতে প্রথমবারের মতো পশ্চিম পাকিস্তান গেলাম। ট্রেনে চেপে প্রথমে ভারত গেলাম, অমৃতসর হয়ে লাহোর...প্রায় সাড়ে তিন দিন চলার পর পৌঁছেছিলাম মুলতান। পূর্ব পাকিস্তানের সেরা খেলোয়াড়দের সঙ্গে যাচ্ছি সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে, মনে বেশ গর্ব। তার ওপর আমার প্রিয় খেলোয়াড় মারীদার সঙ্গে যাচ্ছি, এটাই আমার কাছে সবচেয়ে বেশি আনন্দের।পাঞ্জাব ‘বি’ টিমের সঙ্গে আমাদের প্রথম খেলা। সদ্য ১৯৫৮ এশিয়ান গেমস থেকে ফিরে এসেছেন আমাদের ছয়জন খেলোয়াড়—মিন্টু, গজনবী, নবী চৌধুরী আর আশরাফ-কবির-মারী। কবির-মারীর জায়গায় আমাকে খেলানো বোধহয় কেউ চিন্তাও করে না। পাঞ্জাব বি টিমকে সহজে হারানো যাবে, এটাই ছিল সবার আশা। কিন্তু মাঠের চিত্র ছিল ভিন্ন, মাঠে কেউ নিজের খেলাটা খেলতেই পারছিল না। আমাদের আক্রমণ ট্রায়ো চলছিল না, বিশেষ করে কবির-মারীকে কড়া নজরদারিতে রেখেছিল বিপক্ষ ডিফেন্স। মারীদার পায়ে যখনই বল যাচ্ছিল, আমার বুকের মধ্যে একটি উজ্জ্বল সম্ভাবনা জেগে উঠছিল, এই বুঝি গোল বলে চিৎকার করে উঠব। আশা-নিরাশার মধ্যে শেষ হয়ে গিয়েছিল সময় আর আমাদের প্রথম খেলাতেই হেরে বিদায় নিতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। ফেরার পথে কলকাতায় একদিন থাকতে হয়েছিল। সিনেমা দেখার শখ আমার সব সময়ের। না বলেই চলে গিয়েছিলাম সিনেমা দেখতে, কার সঙ্গে গিয়েছিলাম মনে নেই। যখন ফিরেছি, তখন বুঝতে পারলাম আমার খোঁজ পড়েছে। কারণ দলে আমি সবার ছোট, তার ওপর আমি কোনো দিন কলকাতায় আসিনি, ঢুকতেই ম্যানেজার সাহেব, সিলিক দেওয়ান, বয়স্ক, পুলিশের মানুষ বকাঝকা দুএকটা গাল দিলেন, আমি ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছি। মারীদাই এগিয়ে এসে বললেন, ‘ছেলেমানুষ, বুঝতে পারেনি যে বলে যাওয়া উচিত ছিল। যাও রুমে যাও।’ সেদিন মারীদার প্রতি আমার শ্রদ্ধাটা আরও বেড়ে গিয়েছিল। ‘বশির তুমি একটু অপেক্ষা করো, আমি গোলটা শোধ করে আসি তারপর তুমি খেলো’—মারীদার কথাটা আজও আমার মনে আছে। ১৯৫১ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ পশ্চিম পাকিস্তানের হায়দরাবাদে। টুর্নামেন্টের কিছুদিন আগেই আমরা ওয়ার্মআপ ম্যাচ খেলার জন্য পশ্চিম পাকিস্তান পৌঁছেছিলাম। লাহোরে পাঞ্জাব টিমের সঙ্গে খেলছিল আমাদের টিম, আমরা এক গোলে হারছিলাম, হাফ টাইমে আমাদের ম্যানেজার জনাব এরতেজা—পুলিশের ডিআইজি—বললেন, মারী, তুমি বসো। আমাকে বললেন, বশির তুমি মাঠে যাও। রেফারির হুইসেলে আমি মাঠে নামতে যাব, মারীদা বললেন, ‘বশির, আমি গোলটা শোধ করে আসি, তারপর তুমি খেলো।’ পাকিস্তানের মাঠে আমার তখনো নামা হয়নি, মারীদার কথায় সে সময় আমার এতটুকু খারাপ লাগেনি, বরং মনে হয়েছে সত্যি তিনি গোল শোধ করে ফিরে আসবেন, আমি মাঠে নামব। যখনই মারীদার পায়ে বল, মনে হয়েছে তিনি তাঁর ম্যাজিক নৈপুণ্য দেখিয়ে গোল শোধ করবেন। তাঁর গোল শোধ করাও হয়নি আর আমার মাঠেও নামা হয়নি। টিমের প্রতি তাঁর যে ফিলিংস দেখেছি, সেটাই আমার জন্য অনেক বড় শিক্ষা হয়েছে।সে টুর্নামেন্টে মূল দলে আমি খেলার সুযোগ করে নিয়েছিলাম, তবে আমার শ্রদ্ধেয় মারীদার জায়গায় নয়। কবির ভাইয়ের রাইট-ইন পজিশনে আর কবির ভাই খেলেছিলেন রাইট আউট পজিশনে। মারীদা লেফট-ইন, আমি রাইট-ইন, সেটা চিন্তা করলেই রোমাঞ্চিত হয়ে উঠি। আমরা সেবার রানার্সআপ হয়েছিলাম। মারীদা যখন যেখানে খেলেছেন, উজ্জ্বল এক নক্ষত্রের মতো জ্বলজ্বল করে উঠেছে তাঁর নৈপুণ্য, চিহ্নিত হয়েছেন সবার চেয়ে আলাদা এক জাত খেলোয়াড় হিসেবে।মারীদা প্রায়ই আসতেন আমার অফিসে। আশ্চর্য, তিনি কখনো খেলা নিয়ে কথা বলতেন না। উপদেশ দেওয়া কিংবা অন্যদের ব্যাপারে কথা বলতেন না। আমি একজন ভক্ত হিসেবে তাঁর যথাযথ সম্মান সব সময় করতে পারতাম না বলে দুঃখ পেতাম। একদিন তাঁকে চিঠিতে লিখেছিলাম, মারীদা আমি আপনাকে অসম্ভব শ্রদ্ধা করি, আপনার ব্যাপারে কারও বিরূপ মন্তব্য আমাকে ভীষণ কষ্ট দেয়।মারীদার নীরব এক ভক্ত হিসেবে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আল্লাহর কাছে তাঁর আত্মার শান্তি কামনা করছি।