মারো নয় মরো!সহজ হিসাব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুঃস্বপ্নের এক বিকেল বাংলাদেশকে সব জটিলতা থেকে মুক্তি দিয়ে দিয়েছে। নেট রানরেট-টেট অন্যরা হিসাব করে মরুক। আমাদের ওসব ঝামেলা নেই। সোজা হিসাব—চারটি ম্যাচ জেতো, উঠে যাও কোয়ার্টার ফাইনালে।বাঁকা একটা পথও ছিল। নিজেদের পায়ে কুড়াল মেরে সেই পথেও ব্যারিকেড দিয়ে দিয়েছে ওই ওয়েস্ট ইন্ডিজই। আজ দক্ষিণ আফ্রিকা ম্যাচটা শেষ পর্যন্ত তাই জীবন-মরণ লড়াই। জিতলে কোয়ার্টার ফাইনাল। হারলে বাংলাদেশের বিশ্বকাপ শেষ।ম্যাচ প্রিভিউয়ে দুই দলের শক্তি-দুর্বলতার তুলনা করে বিজয়ী সম্পর্কে পূর্বাভাস দেওয়ার একটা চল আছে। এখানে সেই চেষ্টা অর্থহীন। এক দল এসেছে বিশ্বকাপ জয়ের দাবি নিয়ে। আর কোয়ার্টার ফাইনালের দেখা পেলেই আরেক দলের বিশ্বকাপ ‘জেতা’ হয়ে যায়! ম্যাচের আগে মনস্তাত্ত্বিক যুদ্ধের কথা ভুলে সাকিব আল হাসানকেও তাই স্বীকার করতে হচ্ছে, ‘কোনো সন্দেহ নেই, ওরা আমাদের চেয়ে ভালো দল।’তার মানে কি বাংলাদেশ আগেই হার মেনে নিয়েছে? মোটেই নয়। সাকিব যা বলছেন, সেটি বাস্তবতা। অন্য কিছু বললেই বরং সেটি হাস্যকর শোনাত। সাকিব যা বলেননি, সেটিই বিশ্বাস হয়ে আছে বাংলাদেশের সব খেলোয়াড়ের বুকে। ক্রিকেট খেলাটা কাগজে-কলমে হয় না, হয় মাঠে। সেখানে এসব হিসাব-নিকাশের চেয়ে বড় হয়ে ওঠে, নির্দিষ্ট দিনে কে কার চেয়ে ভালো।উদাহরণ অনেক আছে। তবে বাংলাদেশ আপাতত গায়ানাতেই ফিরে যেতে চাইবে। ওয়ানডে র্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকা এখন তিন নম্বর। ২০০৭ বিশ্বকাপের সময় ছিল নাম্বার ওয়ান। এবার এরই মধ্যে একটা ম্যাচ হেরেছে। সেবার বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে দুর্দান্ত খেলে অপরাজিত। সেই দক্ষিণ আফ্রিকাকে যদি হারানো যায়, এই দক্ষিণ আফ্রিকাকে কেন নয়?গায়ানার প্রভিডেন্সে প্রায় হোম কন্ডিশন পেয়েছিল বাংলাদেশ। এবার তো ‘প্রায়’ শব্দটাও থাকছে না। সম্ভব, খুবই সম্ভব। কীভাবে সম্ভব, এটির ব্যাখ্যা দেওয়া অবশ্য একটু কঠিন। স্মিথ-আমলা-ডি ভিলিয়ার্স-ক্যালিসদের সঙ্গে ইমরুল-তামিম-জুনায়েদ-সাকিবদের তুলনা চলে না। স্টেইন-মরকেলের সঙ্গে রুবেল-শফিউলের তো আরও নয়। বাংলাদেশের মূল অস্ত্র স্পিন, দক্ষিণ আফ্রিকার স্পিন আক্রমণই কি কম যায় নাকি? সেখানে তো সব বৈচিত্র্যের সমাহার।ওই যে আগেই বলেছি, ক্রিকেট সব সময় এসব যুক্তিবুদ্ধিতে চলে না। চললে ৫৮-এর ওই দুঃস্বপ্ন থেকে বেরিয়ে বাংলাদেশ কীভাবে ইংল্যান্ডকে হারায়? হল্যান্ডকেও উড়িয়ে দিয়ে স্বপ্ন দেখে কোয়ার্টার ফাইনালের? তরুণ এই বাংলাদেশ দলের ঘোর অন্ধকার থেকে আলোকের ঝরনাধারায় বেরিয়ে আসা তো এই বিশ্বকাপেরই সবচেয়ে সুন্দর গল্প। হতে পারে, আজও হয়ে যেতে পারে।তা পারে। কিন্তু হায়, দক্ষিণ আফ্রিকার আসল ওষুধটাই যে এখন মেয়াদোত্তীর্ণ! ব্যাটিং-বোলিং নয়, দক্ষিণ আফ্রিকাকে হারানোর সবচেয়ে মোক্ষম উপায় একটাই—চাপ! ওদের চাপে ফেলো, ওরা ভেঙে পড়বে। ওরা ‘চোকার্স’।সমস্যা হলো, এই ম্যাচে যে চাপ-টাপ জাতীয় কোনো শব্দ দক্ষিণ আফ্রিকা দলের এক শ মাইলের মধ্যে ঘেঁষতে পারছে না। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে গেছে, এই ম্যাচ হারলেও কিছু যায়-আসে না। কাল সংবাদ সম্মেলনে হাসির নহর বইয়ে দেওয়া গ্রায়েম স্মিথকে দেখার পর দক্ষিণ আফ্রিকান সাংবাদিক আঙুলের কর গুনে বলে দিলেন, অধিনায়কত্ব-ক্যারিয়ারের আট বছরে কদিন তাঁকে এমন দেখা গেছে।চাপমুক্ত দক্ষিণ আফ্রিকা উল্টো চাপকেই বাংলাদেশের বিপক্ষে অস্ত্র করতে চাইছে! গ্রায়েম স্মিথ মৃদু হাসিমুখে বললেন, ‘বাংলাদেশের জন্য বিগ গেম। মাঠভর্তি আবেগময় দর্শক থাকবে। চাপও থাকবে। আর চাপে থাকা মানেই যা করা ঠিক নয় এমন উল্টোপাল্টা কিছু করে ফেলা।’ জ্যাক ক্যালিস তো প্রথম আলোয় লেখা কলামে আরও এককাঠি সরেস! তাঁর আবিষ্কার—ভারতীয় ক্রিকেটারদের ওপর চাপ নিয়ে সবাই কথা বলে, আসলে বাংলাদেশের খেলোয়াড়দের ওপরই চাপটা তার চেয়েও বেশি।আজ মাঠে রণকৌশল সম্পর্কেও ভালোই ধারণা দিয়ে দিলেন স্মিথ। বাংলাদেশের ব্যাটসম্যানরা মূলত ফ্রন্ট ফুটের খেলোয়াড়—এই ঘোষণাই বলে দিচ্ছে, স্টেইন-মরকেলের বল আজ তামিমদের পাঁজরে ছোবল দিতে চাইবে। এই ম্যাচ না জিতলেও কিছু যায়-আসে না, তার পরও দক্ষিণ আফ্রিকা সেরা দল নিয়েই নামবে বলে খবর। তার মানে স্টেইন থাকছেন। এখন ইয়ান পন্টের কথা সত্যি হলেই হয়!স্টেইন পন্টের পুরোনো ছাত্র। ১৯ বছর বয়সে যখন স্টেইনকে এসেক্সে পেয়েছিলেন, কল্পনাও করেননি একদিন ছোটখাটো এই ছেলেটাই বিশ্বের সেরা ফাস্ট বোলার হয়ে ত্রাস ছড়াবে। স্টেইনের সঙ্গে দেখা হওয়ার পর কী বলবেন? পন্ট হেসে জানিয়েছেন, ‘সাবধান স্টেইন! তোমাকে ওরা উড়িয়ে মাঠের বাইরে ফেলবে।’স্টেইন-মরকেল এই মুহূর্তে বিশ্বের সেরা পেস জুটি। বাংলাদেশের পেস জুটির কী খবর? গতির বিচারে স্টেইনের সঙ্গে রুবেলের তা-ও একটু তুলনা চলে। মরকেলের সঙ্গে শফিউল একদমই মিলছে না। গায়ে-গতরেও না, গতিতেও না। মরকেল ৬ ফুট ৫ ইঞ্চি। শফিউল ৫ ফুট ৯ ইঞ্চি। প্রস্থেও মরকেল খুব খারাপ নন। শফিউল লিকলিকে, হাতের শিরা-উপশিরা পর্যন্ত স্পষ্ট দেখা যায়। ওজন মাত্র ৬০ কেজি। দেখতে পেস বোলারসুলভ নন। খাওয়া-দাওয়াতেও না। শফিউলের পাখির মতো খাওয়া নিয়ে বাংলাদেশ দলে হাস্যরসিকতাও হয়। শফিউল কী বলেন?কাল সকালে মাঠে তাঁর সঙ্গে এ-সংক্রান্ত কথোপকথন— আপনি নাকি খান না?শফিউল: খাব না কেন! না খেলে কি মানুষ বাঁচে?না, মানে পেসাররা যেমন খায়, তেমন খান না?শফিউল: না, বেশি খাই না। খেতে বেশি ভালো লাগে না।স্বল্পাহারী শফিউলই এই বিশ্বকাপে বাংলাদেশের সেরা বিজ্ঞাপন। বোলিংয়ে শফিউল, ব্যাটিংয়ে ইমরুল। বিশ্বকাপের আগে সম্ভাব্য তারকা হিসেবে যাঁদের কথা কেউই ভাবেননি। প্রথম আলোর বিশেষ সংখ্যায় প্রকাশিত বাংলাদেশের ১৫ খেলোয়াড়ের মধ্যে চালানো জরিপটার কথা মনে আছে? সেখানে শুধুই দুটি নাম—তামিম আর সাকিব। পাঁচজন এঁদের মধ্যে একজনকে বেছে নিতে না পেরে বলে দিয়েছিলেন দুজনের নামই। শফিউলও এঁদের একজন। ইমরুল অবশ্য তামিমের নাম বলে লাজুক ভঙ্গিতে যোগ করেছিলেন, ‘আমিও হতে চাই।’ভবিষ্যদ্রষ্টা মনে হচ্ছে শুধু সাকিবকেই, যিনি বলেছিলেন, এমন কেউ তারকা হবে, যার গায়ে তারকা-তকমা নেই। তা-ই হয়েছে। কিন্তু আজ যে অন্যদের ভবিষ্যদ্বাণী সত্যি হওয়াটা বড় প্রয়োজন। তামিম-সাকিবের জ্বলে ওঠা না-ওঠাতেই লুকিয়ে বাংলাদেশের স্বপ্নপূরণ বা স্বপ্নভঙ্গ!পাদটীকা: ইংল্যান্ডের বিপক্ষে ভালো বোলিং করেও হল্যান্ড ডানহাতিসর্বস্ব বলে বাইরে বসে থাকতে হয়েছিল নাঈম ইসলামকে। দক্ষিণ আফ্রিকা দলে তিন-চারজন বাঁহাতির উপস্থিতি সোহরাওয়ার্দীর জায়গায় দলে ফিরিয়ে আনছে এই অফ স্পিনারকে।