মার্কিন অভিযানের সময় লাদেনের ছোট ছেলে পালিয়েছেন!
ইসলামাবাদের কাছে অ্যাবোটাবাদে ওসামা বিন লাদেনকে হত্যার অভিযানের সময় তাঁর ছোট ছেলে হামজা বিন লাদেন পালিয়ে যান। পাকিস্তানি গোয়েন্দারা এখন এমন ধারণা করছেন।পাকিস্তানের গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ডেইলি মিরর ও দ্য টেলিগ্রাফের অনলাইনের খবরে বলা হয়েছে, লাদেনের আটক তিন স্ত্রী জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, ওই অভিযানের সময় থেকে ওসামার ছোট ছেলে হামজকে (২০) আর দেখা যায়নি। এ তথ্যের সূত্র ধরে পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা ধারণা করছেন, ওসামা বিন লাদেনের কনিষ্ঠ ছেলে হামজা সম্ভবত পালিয়ে যেতে সক্ষম হন।গোয়েন্দা সূত্র অনুযায়ী, হামজা ওসামা বিন লাদেনের খুবই ঘনিষ্ঠ ও আস্থাভাজন। কিশোর বয়স থেকেই তিনি সন্ত্রাসী কাজে উদ্বুদ্ধ হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একটি পাকিস্তানি গোয়েন্দা সূত্র আশঙ্কা প্রকাশ করে বলেছে, ‘ঘটনা যদি সত্যি হয়, তবে হামজা খুবই বিপজ্জনক হয়ে উঠতে পারেন। পিতৃহত্যার প্রতিশোধ নিতে তিনি মরিয়া হয়ে উঠতে পারেন। কারণ, হামজা লাদেনের আদর্শেই বিশ্বাসী।’