মার্কিন আন্ডার সেক্রেটারি আসছেন ৫ এপ্রিল
মার্কিন আন্ডার সেক্রেটারি ওয়েস্ট শারমেন আগামী ৫ এপ্রিল দুই দিনের সফরে ঢাকায় আসছেন। দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠক করবেন।ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান। তিনি আজ বিকেলে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে তাঁর দপ্তরে দেখা করেন।বর্তমান সরকারের আমলে শারমেনের সফরটি হবে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সফর। পদমর্যাদার দিক থেকে ওয়েন্ডি শারমেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের তৃতীয় ব্যক্তি।মজিনা বলেন, বাংলাদেশ সফরের সময় প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পাশাপাশি শারমেন গ্রামীণব্যাংক এবং ব্র্যাকের কার্যক্রম দেখতে যাবেন।এদিকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক শেষে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুই দেশের চমত্কার সম্পর্কের বিষয়ে আলোচনায় সন্তোষ প্রকাশ করা হয়। বৈঠকে যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি এ এম রাশেদ চৌধুরীকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া ওয়েন্ডি শারমেনের সফরের বিষয়েও রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন।