মার্কিন আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারমেন ঢাকায়
মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি আর শারমেন দুই দিনের সফরে আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকায় এসে পৌঁছেছেন। ভারত, নেপালসহ দক্ষিণ এশিয়ার তিন দেশ সফরের অংশ হিসেবে বাংলাদেশ সফর করছেন তিনি। আজ বেলা পৌনে দুইটার দিকে তিনি ঢাকায় এসে পৌঁছান। এ সময় মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান। আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। বৈঠকে বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা, সুশীল সমাজ, নারীর ক্ষমতায়ন, উন্নয়ন সহায়তা ও অর্থনৈতিক সমৃদ্ধিসহ বেশকিছু বিষয়ে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে। মার্কিন আন্ডার সেক্রেটারি শারমেন পররাষ্ট্র দপ্তরের তৃতীয় সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং দৈনন্দিন সার্বিক আঞ্চলিক ও দ্বিপক্ষীয় নীতির বিষয়গুলোর ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন। গত বছরের সেপ্টেম্বরে পররাষ্ট্র দপ্তরের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি হিসেবে শপথ নেন ওয়েন্ডি শারমেন।