মার্কিন উপকূলে সাবমেরিনের সঙ্গে যুদ্ধজাহাজের সংঘর্ষ
আটলান্টিক উপকূলে এক সামরিক মহড়ার সময় একটি মার্কিন যুদ্ধজাহাজের সঙ্গে অপর একটি পারমাণবিক সাবমেরিনের সংঘর্ষে জাহাজের সৌনার যন্ত্রটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌনারের সাহায্যে প্রতিফলিত শব্দতরঙ্গের মাধ্যমে পানিতে নিমজ্জিত বস্তুর সন্ধান ও তার অবস্থান নির্ণয় করা হয়।মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, সংঘর্ষে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং দুটো যানই সচল রয়েছে।নৌবাহিনীর একজন মুখপাত্র বলেন, এ ধরনের দুর্ঘটনা খুবই বিরল, তবে ঘটনার পর তদন্ত শুরু হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক এক নৌ-কর্মকর্তা রয়টার্সকে বলেন, দুর্ঘটনার পর যুদ্ধজাহাজের সৌনার ভেঙে পড়ে। রাবারের তৈরি কন্দের মতো দেখতে এ যন্ত্রটি জাহাজের সবচেয়ে নিচে লাগানো থাকে। ওই কর্মকর্তা জানান, যুদ্ধজাহাজটির নাম ইউএসএস সান জ্যাসিন্তো এবং সাবমেরিনটির নামে ইউএসএস মন্টপেলিয়ের।ওই সূত্র জানায়, সান জ্যাসিন্তোর পর্যবেক্ষক দল জাহাজের ১০০ থেকে ২০০ মিটার দূরে একটি পেরিস্কোপকে পানি থেকে জাগতে দেখে এবং জাহাজটিকে থামানোর চেষ্টা করে। কিন্তু, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।