মার্কিন উপদূতাবাসে হামলার তথ্য ছিল না
লিবিয়ায় গত মাসে মার্কিন উপদূতাবাসে হামলার বিষয়ে কার্যকর কোনো গোয়েন্দা তথ্য ছিল না। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে আজ বুধবার বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।গত ১১ সেপ্টেম্বর লিবিয়ার বেনগাজিতে মার্কিন উপদূতাবাসে হামলার ঘটনায় রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনসসহ চারজন নিহত হন। এ ধরনের হামলা সাম্প্রতিক সময়ের কূটনৈতিক ইতিহাসে নজিরবিহীন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগমুহূর্তে এ ধরনের ঘটনা রাজনৈতিক বিবেচনায়ও স্পর্শকাতর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আজ এ হামলা মোকাবিলায় নেওয়া পদক্ষেপ সম্পর্কে বক্তব্য দিতে হবে মার্কিন কংগ্রেসে।বিবিসির খবরে বলা হয়েছে, এ ঘটনার জন্য গোয়েন্দা সংস্থাকে শুনানি প্যানেলের কঠোর ভর্ত্সনার মুখোমুখি হতে হবে বলে ধারণা করা হচ্ছে। বেনগাজিতে ওই ঘটনার সময় মার্কিন কনস্যুলেটের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কেমন ছিল, এই শুনানি সেই তদন্তেরই অংশ। এ ঘটনায় মার্কিন পররাষ্ট্র বিভাগ নিজস্ব অভ্যন্তরীণ পর্যালোচনা শুরু করেছে।বেনগাজিতে হামলার ঘটনার পর জাতিসংঘে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার দূত সুসান রাইস বলেছিলেন, ইসলামবিরোধী চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে বিক্ষোভের জের ধরে তাত্ক্ষণিকভাবে এ হামলার ঘটনা ঘটে। কিন্তু মঙ্গলবারের ব্রিফিংয়ে নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, এ ঘটনার বিষয়ে এভাবে ইতি টানা যায় না; বরং সশস্ত্র কয়েকটি গোষ্ঠী ভারী অস্ত্রশস্ত্র নিয়ে বেশ সংগঠিতভাবে এ হামলা চালায়। তবে সেখানে কোনো ধরনের পরিকল্পিত বা তাত্ক্ষণিক হামলার ব্যাপারে গোয়েন্দাদের কাছে কার্যকর তথ্য ছিল না বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান। ওই কর্মকর্তা আরও বলেন, সাম্প্রতিক কূটনৈতিক ইতিহাসে নজিরবিহীন এ হামলার প্রকৃত কারণ খুঁজে বের করাটা খুবই কঠিন হবে।