মার্কিন কংগ্রেসের সামনে ক্ষমা প্রার্থনা করলেন টয়োটা প্রধান
যুক্তরাষ্ট্রে নিজেদের বিভিন্ন মডেলের গাড়িতে যান্ত্রিক ত্রুটি এবং এ কারণে মৃত্যুর ঘটনায় মার্কিন কংগ্রেস সদস্য ও সব গাড়ি ব্যবহারকারীর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটার প্রধান আকিয়ো তয়োদা। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে টয়োটার কয়েকটি মডেলের গাড়িতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় টয়োটা স্বতঃপ্রণোদিত হয়ে প্রায় ৮০ লাখ গাড়ি বাজার থেকে তুলে নেয়।এ ব্যাপারে টয়োটার প্রধান আকিয়ো তয়োদা বলেছেন, তিনি এই নজিরবিহীন ঘটনায় গভীরভাবে দুঃখিত। তিনি এ ঘটনায় যুক্তরাষ্ট্রের সরকারি পর্যায়ের যেকোনো তদন্তে সহযোগিতার জন্যও প্রস্তুত বলে জানান। তবে টয়োটার নিজস্ব ইলেকট্রনিক পরীক্ষায় টয়োটার কোনো মডেলের গাড়িতে ব্রেক বা এক্সেলেটরে যান্ত্রিক ত্রুটির সন্ধান পাওয়া যায়নি বলেও তিনি জানান। তার পরও আকিয়ো তয়োদা এই যান্ত্রিক ত্রুটির প্রশ্নে যেকোনো স্বাধীন তদন্তে তাঁদের আপত্তি নেই বলে জানান।এদিকে যুক্তরাষ্ট্রের সরকারি সংস্কার কমিটির প্রধান অ্যাডোলফাস টাউনস বলেছেন, টয়োটা একটি বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হলেও এ ক্ষেত্রে এটি গাড়ি ব্যবহারকারীদের নিরাপত্তা বিধানে ও সন্তুষ্টি অর্জনে ব্যর্থ হয়েছে।যুক্তরাষ্ট্রের পরিবহনসচিব রে লাহুড এ সংক্রান্ত এক শুনানিতে বলেছেন, টয়োটা বাজার থেকে যে বিপুলসংখ্যক গাড়ি তুলে নিয়েছে, তা যান্ত্রিকভাবে ত্রুটিপূর্ণ ও সেগুলো নিরাপদ নয়। তবে আকিয়ো তয়োদা বলেন, কংগ্রেস ও যুক্তরাষ্ট্রের অন্যান্য মাননিয়ন্ত্রক সংস্থার সামনে হাজির হয়ে টয়োটার প্রধান প্রমাণ করেছেন, এ রকম নজিরবিহীন নিরাপত্তা ত্রুটিতে বিশ্বের সর্ববৃহত্ এই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান চুপচাপ বসে নেই।টয়োটার বিভিন্ন মডেলের গাড়িতে এ ধরনের নিরাপত্তাজনিত ত্রুটি ধরা পড়ায় বিশ্বখ্যাত এ প্রতিষ্ঠানের সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করেন বাণিজ্যবিশেষজ্ঞেরা।