মার্কিন কূটনীতিকদের সুদান ও তিউনিসিয়া ছাড়ার নির্দেশ
সুদান ও তিউনিসিয়ার মার্কিন দূতাবাসে কর্মরত কম গুরুত্বপূর্ণ কূটনৈতিক কর্মকর্তা এবং তাঁদের পরিবারের সদস্যদের দেশ দুটি ত্যাগ করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল শনিবার এ নির্দেশ দেওয়া হয় বলে বিবিসি অনলাইন জানিয়েছে।একই সঙ্গে দেশটির পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে তিউনিসিয়ায় অবস্থানরত মার্কিন নাগরিকদের সে দেশ ত্যাগের আহ্বান জানিয়েছে।যুক্তরাষ্ট্রে নির্মিত ‘ইনোসেন্স অব মুসলিমস’ নামের বিতর্কিত চলচ্চিত্রকে ঘিরে বিক্ষোভের ঝড় উঠেছে মুসলিম বিশ্বে। এরই ধারাবাহিকতায় তিউনিসিয়া ও সুদানের মার্কিন দূতাবাসে হামলার ঘটনা ঘটেছে।দূতাবাসের নিরাপত্তায় যুক্তরাষ্ট্র সেনা পাঠাতে চাইলেও সুদান তা নাকচ করে দিয়েছে। সুদান জানিয়েছে, দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীই দূতাবাসের নিরাপত্তার জন্য যথেষ্ট।গত শুক্রবার সুদানের রাজধানী খার্তুমে মার্কিন দূতাবাসে হামলার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে তিন ব্যক্তি নিহত হন। এমনকি বিক্ষোভকারীরা জার্মান ও যুক্তরাজ্য মিশনের সামনেও বিক্ষোভ করেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, সুদান সরকার সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। কিন্তু এখনো তাঁরা হামলার হুমকি দিচ্ছেন।এদিকে গত শুক্রবার তিউনিসিয়ার মার্কিন দূতাবাসে হামলার সময় সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হন। এ ঘটনার পর দেশটিতে অবস্থানরত মার্কিন পর্যটকদের সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র। কানাডার সরকার আগাম সতর্কতা হিসেবে আজ রোববার থেকে সুদান, লিবিয়া ও মিসরে তাদের দূতাবাস বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে।গতকাল শনিবার মিসরের প্রধানমন্ত্রী হিশাম কান্দিল বলেছেন, ইসলাম ধর্মকে যারা ‘অপমান’ করছে, তাদের নিবৃত্ত করতে যুক্তরাষ্ট্রকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতে হবে। মহানবী (সা.)-এর অপমান বরদাশত করা হবে না। পাশাপাশি শান্তিপূর্ণ বিক্ষোভকে সহিংসতার পর্যায়ে নিয়ে যাওয়ার অধিকার কারও নেই বলেও মন্তব্য করেন তিনি।