মার্কিন কূটনৈতিক হলব্রুক আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তান ও পাকিস্তানে নিয়োজিত যুক্তরাষ্ট্রের বিশেষ মার্কিন দূত রিচার্ড হলব্রুক (৬৯) গতকাল সোমবার রাতে মারা গেছেন।হলব্রুকের মৃত্যুতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দুঃখ প্রকাশ করে বলেছেন, ‘রিচার্ড হলব্রুকের মৃত্যুতে মিশেল ও আমি গভীরভাবে শোকাহত।’ওবামা তাঁর শোকবার্তায় হলব্রুককে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির সত্যিকারের একজন বড় মাপের ব্যক্তিত্ব বলে অভিহিত করে বলেছেন, তিনি (হলব্রুক) আমেরিকাকে শক্তিশালী, নিরাপদ ও সম্মানিত করেছেন।এদিকে পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন হলব্রুকের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, আজ রাতে (সোমাবার) আমেরিকা একজন অভিজ্ঞ ও নিবেদিত প্রাণ কূটনীতিককে হারাল।গত শুক্রবার সকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে পররাষ্ট্র দপ্তরে সভা করার সময় হলব্রুক অসুস্থ হয়ে পড়েন। ওই দিনই তাঁকে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ফিলিপ ক্রাউলি এক বিবৃতিতে জানান, চিকিত্সকেরা শনিবার সকালে হলব্রুকের হূিপণ্ডের বাঁ দিকের ছিঁড়ে যাওয়া রক্ত বহনকারী প্রধান ধমনিতে সফল অস্ত্রোপচার করেছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক।ডেটন চুক্তির মধ্যস্থতা করে রিচার্ড হলব্রুক বেশ খ্যাতি অর্জন করেন। এ চুক্তির ফলেই ১৯৯৫ সালে বসনিয়া যুদ্ধের অবসান ঘটে। সুদক্ষ এই কূটনীতিক জাতিসংঘ ও জার্মানিতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। তিনি সাতবার নোবেল পুরস্কারের জন্য মনোনয়নও পেয়েছিলেন। প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেওয়ার পর বারাক ওবামা ২০০৯ সালের জানুয়ারিতে হলব্রুককে আফগানিস্তান ও পাকিস্তানের জন্য বিশেষ দূত হিসেবে নিয়োগ দেন। সেই থেকে ওবামা প্রশাসনের পররাষ্ট্রনীতি বাস্তবায়ন ও নির্ধারণের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।প্রেসিডেন্ট ওবামা হলব্রুককে ‘নিরলস একজন কূটনীতিক’ হিসেবে অভিহিত করেছেন। গত এপ্রিলেও হলব্রুক অসুস্থ হয়ে পড়েছিলেন। নিউইয়র্কের একটি হাসপাতালে জরুরি ভিত্তিতে তখন তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। বিবিসি, রয়টার্স।