মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে ১০ জঙ্গি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে আজ বৃহস্পতিবার ভোরে মার্কিন চালকবিহীন বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলায় সন্দেহভাজন ১০ জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তানের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইন এ কথা জানায়। উত্তর-পশ্চিম পাকিস্তানের এই আদিবাসী এলাকা মূলত জঙ্গিরা নিয়ন্ত্রণ করে। আফগান সীমান্তের কাছে উত্তর ওয়াজিরিস্তানের পাসালকোট এলাকায় আগে ধর্মীয় শিক্ষাদানের কাজে ব্যবহূত হতো এমন একটি ভবনে আজ বৃহস্পতিবার ভোরে চালকবিহীন বিমান থেকে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত করে। এই নিয়ে এ বছর পঞ্চমবারের মতো চালকবিহীন বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালাল যুক্তরাষ্ট্র। ২০০৮ সাল থেকে পাকিস্তানে জঙ্গিবাদ দমনের নামে শুরু হওয়া মার্কিন বিমান হামলায় এ পর্যন্ত তালেবান জঙ্গিসহ শত শত বেসামরিক সাধারণ মানুষ নিহত হয়েছে। তাঁদের মধ্যে শীর্ষস্থানীয় তালেবান নেতা বায়তুল্লাহ মেহসুদও রয়েছেন। পাকিস্তান অবশ্য ধারাবাহিকভাবেই যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান থেকে এ ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদ জানিয়ে আসছে। পাকিস্তান বলেছে, এ ধরনের হামলায় জঙ্গিদের প্রতি সাধারণ মানুষের সমর্থনই বাড়ে। যুক্তরাষ্ট্র অবশ্য সব সময় এ ধরনের হামলার কথা স্বীকার করে না। তবে বিশ্লেষকেরা মনে করেন, যুক্তরাষ্ট্র নিয়মিত স্বীকার না করলেও এ ধরনের হামলা আফগানিস্তানে অবস্থিত মার্কিন বাহিনী ও সিআইএ ছাড়া অন্য কেউ করতে পারে না।