মার্কিন গোপন দলিলে ভাষা আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান আমলে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলা ও বাঙালির স্বার্থের প্রতি সাধারণভাবে বৈরী ছিল। একাত্তরের স্বাধীনতাসংগ্রামে নিক্সন-কিসিঞ্জারের বিতর্কিত ভূমিকাও সুবিদিত। কিন্তু আমাদের ইতিহাসের গৌরবময় একুশে ফেব্রুয়ারি সম্পর্কে মার্কিন দৃষ্টিভঙ্গি কেমন ছিল, তার কোনো দালিলিক প্রমাণ আমরা এতকাল পাইনি। সম্প্রতি সে সময়কার কিছু মার্কিন দলিলপত্র ঘাঁটাঘাঁটি করে চমকপ্রদ সব তথ্য পাওয়া যাচ্ছে। দেখা যাচ্ছে, তাদের কাছে গোড়া থেকেই স্পষ্ট ছিল যে, বাঙালিদের ওপর উর্দু চাপিয়ে দেওয়া যাবে না। এমনকি বিতর্কিত মুখ্যমন্ত্রী নূরুল আমীনও জানতেন যে, বাঙালিরা রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে মেনে নেবে না। অবশ্য মার্কিন কর্তৃপক্ষ বিষয়টিকে বামপন্থীদের তত্পরতা হিসেবেও দেখার চেষ্টা করেছে।প্রথম আলো সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় মহাফেজখানা থেকে বাংলাদেশের ইতিহাসসংক্রান্ত কিছু দলিল সংগ্রহ করেছে। ১৯৫২ সালের ফেব্রুয়ারি থেকে জুন মাসের মধ্যে ঢাকার মার্কিন কনস্যুলেট থেকে ওয়াশিংটনে পাঠানো তাদের পাঁচটি প্রতিবেদন এখানে অনুবাদ করে দেওয়া হলো। এর প্রথম দুটি লিখেছেন মার্কিন কনসাল জন ডব্লিউ বাউলিং। পরের তিনটি লিখেছেন তাঁর উত্তরসূরি চার্লস গ্রে ব্রিম।১৯৯৫ সালে মার্কিন কথ্য ইতিহাসবিদ চার্লস স্টুয়ার্ট কেনেডিকে দেওয়া এক সাক্ষাত্কারে ব্রিম বলেন, ‘বাঙালিরা একেবারেই ভিন্ন প্রজাতির বিড়াল। তাদের ভাষা ভিন্ন। চেহারা ভিন্ন। পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে তাদের ধর্মগত মিল ছিল। আর এই ভিন্নতাই তাদের মধ্যে সৃষ্টি করেছিল উত্তেজনা। তারা ভাবতেন, পশ্চিমাদের দ্বারা অবহেলিত হচ্ছেন। সেটা এক অর্থে ঠিকও ছিল। আগে কিংবা পরে দ্বিখণ্ডিত হতে এটি পরিপক্ব হয়ে উঠেছিল; আর আমার বিবেচনায় সেটা ছিল অনিবার্য ।’ঢাকা থেকে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে পাঠানো বার্তাগুলোতে বায়ান্নর ভাষা আন্দোলনের বেশ কিছু কৌতূহলোদ্দীপক দিক ফুটে উঠেছে। প্রতিবেদনগুলোর কিছু ভাষ্য ও মূল্যায়ন বিতর্কের ঊর্ধ্বে নয়। তবে বাংলাদেশের পাঠকের সামনে এগুলো সম্ভবত এই প্রথম প্রকাশিত হচ্ছে। দলিল: ১গোপনীয়২৩ ফেব্রুয়ারি ১৯৫২ফরেন সার্ভিস ডেসপ্যাচ নং ৭২প্রেরক: মার্কিন কনস্যুলেট, ঢাকা, পাকিস্তানপ্রাপক: পররাষ্ট্র দপ্তর, ওয়াশিংটনবিমানযোগেসূত্র: কনস্যুলেটের প্রতিবেদন নং [অস্পষ্ট] ২ ফেব্রুয়ারি ১৯৫২; প্রতিবেদন নং ৬৮, ৯ ফেব্রুয়ারি ১৯৫২; প্রতিবেদন নং ৭১, ১৬ ফেব্রুয়ারি ১৯৫২।বিষয়: ১৯৫২ সালের ২১ ও ২২ ফেব্রুয়ারির ঢাকার দাঙ্গা।দুই দিনের দাঙ্গার পর এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা বেশ শান্ত। রাষ্ট্রভাষা নিয়ে সৃষ্ট গুরুতর দাঙ্গায় অন্তত ছয়জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে অন্তত ৬০ জন। পাকিস্তানি সেনাবাহিনীর হস্তক্ষেপের কারণেই কেবল চূড়ান্তভাবে দাঙ্গা দমন করা সম্ভব হয়েছে। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গত ৪ ফেব্রুয়ারি তাদের ডাকা ধর্মঘট অসফল হওয়ার প্রেক্ষাপটে ২১ ফেব্রুয়ারিতে প্রদেশব্যাপী বৃহত্তর ও সফল এক ধর্মঘটের আহ্বান জানিয়েছে। সরকারি কর্তৃপক্ষগুলো নিশ্চিত ছিল যে, ধর্মঘটের সংগঠকেরা (যাঁদের অধিকাংশই বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ও জেএএল নেতা) প্রাদেশিক পরিষদ অভিমুখে শোভাযাত্রা বের করবেন। এমএলএদের তাঁরা ভীতি প্রদর্শন করবেন। ২০ ফেব্রুয়ারির বাজেট অধিবেশনে যোগ দিতে তাঁরা সমবেত হন। সে কারণে জেলা হাকিম ২০ ফেব্রুয়ারিতে পাকিস্তান দণ্ডবিধির [হবে ‘ফৌজদারি কার্যবিধি’] ১৪৪ ধারা জারি করে মিছিল কিংবা অনধিক পাঁচজনের সমাবেশ নিষিদ্ধ করেন। দায়িত্বশীল কর্তৃপক্ষীয় সূত্রে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পুলিশ জানিয়েছিল যে, বিশ্ববিদ্যালয় চত্বরে ছাত্ররা সমাবেশ করলে সেটিকে ১৪৪ ধারার লঙ্ঘন বলে গণ্য করা হবে না।২১ ফেব্রুয়ারির সকাল। বিশ্ববিদ্যালয় চত্বরে বিপুলসংখ্যক ছাত্র সমবেত হতে শুরু করেন। তাঁরা বক্তৃতা শুরু করেন। এ সময় তাঁরা একটি মিছিল করার আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। কিন্তু বামপন্থী অধ্যাপকেরা—যাঁরা ছাত্রদের মঙ্গলের জন্য জড়ো হয়েছিলেন বলেই ধারণা করা যায়—কার্যত ছাত্রদের উত্তেজনা বাড়িয়ে দেন। ছাত্ররা স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়ার লক্ষ্যে দলে দলে চত্বর থেকে বেরিয়ে পড়েন। তাঁরা শহীদ হওয়ার জন্য প্রস্তুত ছিলেন। পুলিশ দ্রুতই আরও ছাত্রকে গ্রেপ্তার করার ব্যাপারে অস্বীকৃতি জানায়। ছাত্ররা রাস্তায় নেমে জড়ো হতেই পুলিশ রাস্তায় ও বিশ্ববিদ্যালয় চত্বরে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। পুলিশি আদেশ উপেক্ষা করতে বাদবাকি ছাত্ররা ফুটপাতে অবস্থান নিচ্ছিলেন। অন্যরা সব যান চলাচল বন্ধ করে দেন। তাঁরা তাঁদের আন্দোলনের জন্য অর্থও সংগ্রহ করতে শুরু করেন। ছাত্রদের বিরুদ্ধে অব্যাহতভাবে কাঁদানে গ্যাসের ব্যবহার ঘটে। কিন্তু বাতাসের কারণে তা কার্যকর হতে পারেনি।বেলা তিনটা। ছাত্রদের দলগুলোর সঙ্গে বাইরের বিক্ষোভকারীরা যোগ দেয়। তারা প্রাদেশিক পরিষদের লাগোয়া মেডিকেল কলেজের দিকে শোভাযাত্রা বের করে। তখন সেখানে ঠিক কী ঘটেছিল, তা নিয়ে পরস্পরবিরোধী খবর পাওয়া গেছে। ছাত্ররা পুলিশ ও চলমান গাড়ির ওপর ইটপাটকেল ও পাথর ছুড়তে শুরু করেন। এতে একজন মন্ত্রীসহ কয়েকজন কর্মকর্তা আহত হন। এ ছাড়া একজন জার্মান ব্যবসায়ীসহ কতিপয় পথচারীও আহত হন। ইটের আঘাতে অধিকাংশ কর্মকর্তা আহত হওয়ায় জেলা হাকিম পুলিশকে গুলি চালানোর হুকুম দেন। তাঁদের ছত্রভঙ্গ করতে চার দফায় গুলি চালাতে হয়। অন্তত চারজন ছাত্র নিহত এবং অন্তত ২০ জন ছাত্র ও অধ্যাপক আহত হন।ছাত্ররা তাঁদের নিকটবর্তী ছাত্রাবাসের কাছে অবস্থান নেন। সেখানে তাঁরা মাইক স্থাপন করেন। এ সময় তাঁদের নিজেদের নেতৃবৃন্দ, বাইরের বিক্ষোভকারী ও প্রাদেশিক পরিষদের সরকারবিরোধী এমএলএরা তাঁদের উদ্দেশে বক্তৃতা করেন। উচ্ছৃঙ্খল জনতা ও ছাত্ররা শোকবস্ত্র পরে রাস্তায় বেরিয়ে পড়ে ছোটখাটো হাঙ্গামার কারণ হয়ে দাঁড়ায়। [ছাত্রহত্যার] খবর ছড়িয়ে পড়লে একটি পূর্ণাঙ্গ হরতাল পালিত হয়। স্পিকার দুর্ঘটনার একটি পূর্ণ তদন্ত অনুষ্ঠানের আশ্বাস দেওয়া সত্ত্বেও হিন্দু ও তফসিলি সম্প্রদায়ের সদস্যরা পরিষদ থেকে ওয়াকআউট করেন। দিনাবসানেও ছাত্রদের লাউড-স্পিকারগুলো সরব ছিল। তাতে ছাত্র ও তাদের বন্ধুদের প্রতি পরদিন নিহতদের লাশ সংগ্রহ করতে আহ্বান জানানো হচ্ছিল।২২ ফেব্রুয়ারি। সব দোকানপাট ও সেবা কার্যক্রম বন্ধ ছিল। সকাল ১০টার মধ্যে রাজপথে বিপুল উত্তেজিত জনতার ঢল নামে। ঢাকার সাধারণ নাগরিকেরা এখন নিশ্চিত বুঝতে পেরেছে যে, জনগণের ওপর একটি বিদেশি ভাষা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে সোচ্চার হওয়া ছাত্রদের পশ্চিম পাকিস্তানি কর্মকর্তারা হত্যা করেছেন। শিক্ষিত জনগোষ্ঠী সাধারণভাবে ‘নিহত গরিব যুবা’দের প্রতি সহানুভূতিশীল। টহল দিতে পুলিশ পূর্ব পাকিস্তান রাইফেলসসহ রাস্তায় বের হলে সংঘাতের ঘটনা বৃদ্ধি পায়। একটি বড় উচ্ছৃঙ্খল জনগোষ্ঠী মর্নিং নিউজ-এ হামলা চালিয়ে তা পুড়িয়ে দেয়। তারা অগ্নিনির্বাপণ বিভাগের পানিবাহী নলগুলোও কেটে দেয়। অন্যান্য স্থানে উচ্ছৃঙ্খল জনতা সংবাদপত্রের মালিক বা সম্পাদকেরা তাদের দাবির সঙ্গে একাত্ম হওয়ার প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত একই পরিণতি বরণের হুমকি দেয়। বহু জায়গায় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। অন্তত তিনটি স্থানে গুলিবর্ষণ এবং ৫০টিরও বেশি লাঠিপেটার ঘটনা ঘটে। নগরে থাকা কাঁদানে গ্যাসের মজুত নিঃশেষ হয়ে যায়।বেলা একটায় রাস্তাঘাট পরিষ্কার করা হয়। মেশিনগানধারী সৈনিকেরা প্রতিটি রাস্তায় অবরোধ সৃষ্টি করে। জুমার নামাজের পরে জনতা আবার মিছিল বের করার চেষ্টা চালায়। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে নতুন করে তাদের সংঘর্ষ বাধে। বিলম্বে হলেও পুলিশ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে লাউড-স্পিকারগুলো ধ্বংস করে। পাকিস্তান সেনাবাহিনীর কমান্ডিং অফিসার পুরো শহর পর্যবেক্ষণ করার পর এ সিদ্ধান্তে পৌঁছান যে, সামরিক আইন জারি করার দরকার নেই। সেনাবাহিনীর সমর্থনে পুলিশ বাহিনী অধিকাংশ দায়িত্ব পালন করেছে। অবাক ব্যাপার হলো, এই দুই দিন শহরে লুটতরাজের ঘটনা ছিল নগণ্য। ২২ ফেব্রুয়ারির রাতে সান্ধ্য আইন জারি করা হয়। এর সঙ্গে ছিল ঈশ্বরবিহিত বৃষ্টিপাত।চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ফরিদপুর, এবং অন্যান্য শহরে (যেখানে ১৪৪ ধারা জারি করা হয়নি) পুরোপুরি হরতাল পালিত হয়েছে। ঢাকায় গুলিবর্ষণের প্রতিবাদে সেসব স্থানে ব্যাপক মিছিল হয়েছে।২৩ ফেব্রুয়ারি বেলা ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত আরও জনতা রাস্তায় বেরিয়ে পড়ে। তারা যানবাহন চলাচলে বাধা দেয়। তবে টহলরত সেনা ও পুলিশের হুমকিতে তারা পিছুও হটে যাচ্ছিল। প্রায় সব সরকারি কর্মকর্তা ও কর্মচারী তাঁদের কর্মস্থল বর্জন করেছেন। রেল চলছে না। কারণ, সিগন্যাল কর্মচারীরা কাজে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছেন।কোনো মার্কিন নাগরিক বা তাদের সম্পদ হুমকির মুখে পড়েনি। মার্কিন পতাকাবাহী কনস্যুলেটের গাড়িগুলো নিরাপদে রাস্তায় চলাচল করতে পারছে।জানা গেছে যে, গতকাল পুলিশ বাহিনীর যেসব সদস্য জনতার ওপর গুলি চালাতে অস্বীকৃতি জানান, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁদের রাইফেল ও কার্তুজ নিয়ে নেওয়া হয়েছে। দাঙ্গাকারীদের দিক থেকে এ পর্যন্ত আগ্নেয়াস্ত্র ব্যবহারের ঘটনা ঘটেনি।পুলিশের মধ্যে বিদ্রোহের একটা কথাবার্তা শোনা যাচ্ছে; তবে সেনাদের মধ্যে নেই। জানা গেছে, উপাচার্য ও ১৪৩ জন অধ্যাপক আজ পদত্যাগ করবেন।রাজনৈতিক অগ্রগতিশামসুদ্দীন আহমেদের নেতৃত্বে ভিন্নমতাবলম্বী লীগদলীয় এমএলএদের নিয়ে একটি নতুন সংসদীয় দল গঠন করা হয়েছে। পূর্ব পাকিস্তানের বৃহত্তম সংবাদপত্র আজাদ-এর সম্পাদক শামসুদ্দীন (অন্য একজন) পরিষদ থেকে পদত্যাগ করেছেন এবং লীগের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছেন। আজাদ অবিলম্বে নূরুল আমীন সরকারের পদত্যাগ দাবি করেছে। আজাদ-এর স্বত্বাধিকারী মওলানা আকরম খাঁ একজন জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা। তিনি এখন করাচিতে। পত্রিকায় যা লেখা হয়েছে তাতে তাঁর সম্মতি নেওয়া হয়নি। গভর্নর শঙ্কিত। তিনি কোনো কাজেরও নন। কিন্তু নূরুল আমীন পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে তত্পর রয়েছেন। তিনি একটা ভারসাম্য বজায় রেখেছেন। ২২ ফেব্রুয়ারিতেই তিনি পরিষদে আনা এক প্রস্তাবে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে মানতে উদ্যোগ নেন। এই অবস্থান গ্রহণে তিনি আগেই চেষ্টা করেছিলেন, কিন্তু কেন্দ্রীয় সরকারের কারণে বিষয়টি থেকে নিজেকে বিরত রেখেছিলেন। এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসেবে তাঁকে টিকিয়ে রাখতে গ্রামাঞ্চলের এমএলএদের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা আছে। ভাষা প্রসঙ্গ ছাড়া তিনি অন্য কোনো বিষয়ে জনতার দাবির কাছে মাথা নত করেননি। তাঁর অবস্থান খুবই অনিশ্চিত। সময়াভাবে আপাতত এই প্রতিবেদন লেখা থেকে কনস্যুলেটের বিরত থাকা উচিত। কিন্তু কনস্যুলেট এটুকু পূর্বাভাস করতে পারে যে, [উদ্ভূত পরিস্থিতির কারণে]: ক) বেসামরিক কর্তৃপক্ষ পুরোপুরি ভেঙে পড়বে না; খ) ক্ষমতায় টিকে থাকতে নূরুল আমীন সরকারের আধাআধি সম্ভাবনা রয়েছে; গ) এ সরকার টিকে থাকুক বা না থাকুক, এই গোলযোগ থেকে কমিউনিস্ট এবং তাদের মিত্র হিন্দু ও ‘অবিভক্ত বাংলা’র প্রবক্তা মুসলিম নেতাদের ফায়দা হবে।এই বিষয়ে আরও বলতে চাই যে, বর্তমানের সংকট সৃষ্টির কারণ হচ্ছে: ক) পশ্চিম পাকিস্তানিদের বুদ্ধিবৃত্তিক ঔদ্ধত্য। এরা কেন্দ্রীয় সরকারের নীতি প্রণয়নে নূরুল আমীনের প্রতিবাদ অব্যাহতভাবে অগ্রাহ্য করে চলেছে। এবং খ) বিশ্ববিদ্যালয়ে কমিউনিস্টদের সুপরিচিত আখড়ার বিরুদ্ধে পদক্ষেপ নিতে সরকারের অক্ষমতা বা অস্বীকৃতি। জন ডব্লিউ বাউলিংঅনুলিপি: দূতাবাস, করাচিদলিল: ২ফরেন সার্ভিস ডেসপ্যাচ নং ৭৭১৫ মার্চ: রাজনৈতিক (গোপনীয়)প্রেরক: মার্কিন কনস্যুলেট, ঢাকা।প্রাপক: পররাষ্ট্র দপ্তর, ওয়াশিংটনসূত্র: কনস্যুলেটের প্রতিবেদন নং ৭৫, ৮ মার্চ ১০৫২ (বিমানযোগে) বিষয়: পূর্ব পাকিস্তানে ১৯৫২ সালের ১৪ মার্চ সপ্তাহান্তে রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতি ফেব্রুয়ারির দাঙ্গাকে কেন্দ্র করে বেড়ে যাওয়া প্রত্যক্ষ উত্তেজনা ক্রমশ হ্রাস পাচ্ছে, কিন্তু কেন্দ্রীয় সরকার ও পূর্ব বাংলার মধ্যকার সম্পর্কের ওপর ক্ষতিকর প্রভাব ফেলার মতো অশুভ লক্ষণ ফুটে উঠছে। এ সপ্তাহে নতুন কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। প্রদেশজুড়ে অর্থনৈতিক জীবন ছিল স্বাভাবিক। প্রধানত জেলা শহরগুলো থেকে প্রায় ৪৫ জনকে নতুন করে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু ইতিপূর্বে গ্রেপ্তারকৃত (অধিকাংশই ঢাকার ছাত্র) প্রায় ৮৫ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। শেষের এই পদক্ষেপটি পূর্ববঙ্গ সরকারের কৌশলের অংশ। আর তা হলো বাংলাকে রাষ্ট্রভাষা বলে ঘোষণা দানকারী কট্টর প্রবক্তা এবং নাশকতা সৃষ্টিকারীদের মধ্যে দূরত্ব সৃষ্টি করা। নূরুল আমীনের পূর্ণ অনুমোদনক্রমে প্রাদেশিক মুসলিম লীগ সাম্প্রতিক দাঙ্গার সময় নাশকতামূলক তত্পরতার সঙ্গে জড়িত থাকা ব্যক্তিদের ছাড়া আর সবাইকে ছেড়ে দিতে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রসঙ্গটি এখনো জ্বলন্ত অবস্থায় আছে। নূরুল আমীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুনর্গঠন দেখতে চান। তবে সেটা করতে গিয়ে তাঁকে তাঁর প্রকৃত রাজনৈতিক ক্ষতি এড়াতে হবে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে পাস করার জন্য তিনি একটি প্রস্তাবের খসড়া তৈরি করেছেন। ওই প্রস্তাবে বিশ্ববিদ্যালয়ের এ স্বীকারোক্তি থাকছে যে, বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিরোধী মহলের নাশকতার অস্তিত্ব রয়েছে। এই মহলের মূলোত্পাটনের জন্য অনুষদের প্রতি তারা আহ্বান জানিয়েছে। ইসলামের প্রতি তারা তাদের বিশ্বাস দৃঢ়তার সঙ্গে পুনর্ব্যক্ত করেছে। সুনির্দিষ্টভাবে কমিউনিজম ও কমিউনিস্ট পার্টির নিন্দা করা হয়েছে। কিন্তু নূরুল আমীন পরে এটা দেখে দৃশ্যত বিস্মিত হয়েছেন যে, একাডেমিক কাউন্সিল যে প্রস্তাব পাস করেছে, তাতে কমিউনিস্টবিরোধী বিবৃতির অংশটি বাদ পড়েছে। উপাচার্য এখন একান্তে স্বীকার করছেন যে, বিশ্ববিদ্যালয় পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হলে তিনি এবং ১০০ জনেরও বেশি অনুষদ সদস্য পদত্যাগ করবেন। মার্কিন কনস্যুলেট এই হুমকি অগ্রাহ্য করছে, কিন্তু নূরুল আমীন বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন বলেই মনে হচ্ছে। প্রকাশ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমালোচনা করবেন কি না, সে ব্যাপারে এখনো তিনি মনস্থির করতে পারেননি।প্রাদেশিক সরকারের মন্ত্রী ও জেলা মুসলিম লীগের নেতারা স্থানীয় রাজনীতিবিদ ও নেতাদের কাছে ফেব্রুয়ারির দাঙ্গার বিষয়ে সরকারের আনুষ্ঠানিক অবস্থান ও তার নেওয়া পদক্ষেপের সপক্ষে সাফাই গাইতে নেমেছেন। এজন্য তাঁরা ‘তৃণমূল পর্যায়ে’ প্রচারণা শুরু করেছেন। এর আগে উল্লিখিত রেফারেন্স প্রতিবেদনের সঙ্গে সংযুক্ত ভাষণে সরকারের অবস্থানের প্রতিফলন রয়েছে। এ সরকারের মুখপাত্রদের দেওয়া এমন কিছু ভাষণ আছে, যাতে কমিউনিজমের বিরুদ্ধে চরম সহিংস আক্রমণ রয়েছে। নূরুল আমীন বলেছেন, তিনি অন্যান্য দায়িত্ব থেকে ফুরসত পাওয়ামাত্রই একই ধরনের প্রচারণায় যোগ দিতে প্রদেশ সফরে নেমে পড়বেন। কেন্দ্রীয় মন্ত্রী নিশতার ঢাকায় তাঁর অবস্থানকালে বিচক্ষণতার পরিচয় দিয়ে এসব বিষয়ে নীরব থাকেন। কিন্তু বাঙালি মন্ত্রী এ এম মালিক এসব বিষয়ে বলার ক্ষেত্রে ভালো অবস্থানে রয়েছেন। এই প্রতিবেদনের সঙ্গে তাঁর বিবৃতির একটি কৌতূহলোদ্দীপক অংশ যুক্ত করা হলো। ড. মালিকের মতামতের প্রতি কনস্যুলেটের সাধারণ সমর্থন রয়েছে। প্রাদেশিক বাজেট পাসকে কেন্দ্র করে একটা অস্বস্তিকর পরিবেশ বজায় রয়েছে। ফেব্রুয়ারির দাঙ্গার কারণে প্রাদেশিক পরিষদ মুলতবি হওয়ার আগে এ বাজেট পেশ করা হয়েছিল। ১ এপ্রিলের আগে বাজেট অবশ্যই পাস হতে হবে। এখন এ নিয়ে এমন একটি ধারণা গড়ে উঠেছে যে ৯২/ক ধারার অধীনে শাসন বহাল থাকলে গভর্নর নিজেই সনদ দিয়ে বাজেট পাস করতে পারবেন। তবে ৯২/ক ধারা জারি করা নিয়ে পরস্পরবিরোধী মতামত শোনা যায়। অনেকে ভাবছেন, ৯২/ক ধারা জারি করে তা সাধারণ নির্বাচন পর্যন্ত বহাল রাখা যাবে কি না। যারা ৯২/ক ধারার পক্ষে, তারা দৃশ্যত বিশ্বাস করছেন যে—ক) আগামী অধিবেশনে নূরুল আমীন সরকারের পতন ঘটার সমূহ সম্ভাবনা রয়েছে। খ) নূরুল আমীন কেন্দ্রীয় সরকারের প্রতি আর নিরঙ্কুশ আনুগত্য বজায় রাখবেন বলে মনে হয় না। তিনি উর্দু আন্দোলনকে অঙ্কুরেই বিনষ্ট করার সামর্থ্য রাখেন। গ) সাধারণ জনগণ সম্ভাব্য গভর্নর শাসনের দক্ষতা এবং স্থিতিশীলতাকে স্বাগত জানাবে। কনস্যুলেট মনে করে যে, ৯২/ক ধারার জারির সম্ভাবনা নিয়ে নূরুল আমীন সত্যিকারভাবেই উদ্বিগ্ন। তিনি মোটামুটি নিশ্চিত যে, তিনি এখন প্রাদেশিক পরিষদ নিয়ন্ত্রণ করতে পারেন। তাঁর এমনও দৃঢ় প্রত্যয় আছে যে, পূর্ব বাংলায় কখনোই উর্দু চাপিয়ে দেওয়া সম্ভব হবে না। তিনি এ ব্যাপারে পুরোপুরি নিশ্চিত যে, যতই বিজ্ঞজনোচিতভাবে হোক না কেন, গভর্নরের শাসন জারি করা হলে পাকিস্তান চূড়ান্তভাবে ভেঙে যাবে। কনস্যুলেট একমত যে, দীর্ঘ মেয়াদে ৯২/ক ধারা বহাল রাখার অর্থ হবে একটি নিশ্চিত বিজয়কে পরাজয়ে রূপান্তরিত করার একটি ধ্রুপদি দৃষ্টান্ত স্থাপন করা। কমিউনিস্ট ও ‘অবিভক্ত বঙ্গওয়ালাদের’ কাছে তা সবচেয়ে সুখকর অভিজ্ঞতা হিসেবে গণ্য হবে। ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে যে নূরুল আমীন তাঁর ‘রক্তপাত ও নিপীড়নমূলক শাসন’চর্চায় ব্যর্থ হয়ে বাঙালিদের ওপর উর্দু চাপিয়ে দিতে সমগ্র প্রদেশে এখন ‘পাঞ্জাবি রাজত্ব’ কায়েমের পরিকল্পনা করছেন। এমনকি ৯২/ক ধারা জারি নিয়ে কনস্যুলেটের আশঙ্কা যদি সত্যে পরিণত না-ও হয়, তবু উর্দু প্রশ্নে উদ্ভূত পরিস্থিতি এক গভীর উদ্বেগের বিষয়। বাংলাকে অন্যতম রাষ্ট্র ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে, কিংবা অনতিবিলম্বে সার্বিক ভাষা বিষয় পরিত্যক্ত হবে কি না—নূরুল আমীন ও ইউসুফ আলী চৌধুরীর কেউই কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সে বিষয়ে কোনো প্রত্যাশিত নিশ্চয়তা পাননি। ঢাকার বিভিন্ন মহলে সাধারণ অনুভূতি রয়েছে যে, কিছু পশ্চিম পাকিস্তানি বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ ফেব্রুয়ারি দাঙ্গা থেকে কোনো শিক্ষাই নেননি। এখনো পর্যন্ত প্রদেশের ওপর উর্দু চাপিয়ে দিতে তাঁরা সংকল্পবদ্ধ। তবে অদূর ভবিষ্যতে পূর্ব বাংলা একক রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে মেনে নেবে না। ১৫ মার্চ প্রাদেশিক মুসলিম লীগের এক অতিরিক্ত বৈঠকে গণপরিষদের (করাচিতে যার অধিবেশন শুরু হয়েছে) অধিবেশনে যোগদানের জন্য প্রতিনিধি নির্বাচন করা হয়েছে। এই প্রতিনিধিরা গণপরিষদের প্রত্যেক সদস্যের কাছে পূর্ব বাংলার রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে ব্যাখ্যা করবেন। প্রত্যাশা অনুযায়ী ঢাকা হাইকোর্টের একজন বিচারককে একটি গোপন তদন্ত পরিচালনায় নিয়োগ করা হয়েছে। ‘আইনশৃঙ্খলা রক্ষার প্রয়োজনে’ ২১ ফেব্রুয়ারিতে পুলিশি ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল কি না, তিনি তা তদন্ত করবেন। ফেব্রুয়ারি দাঙ্গার পর অপেক্ষাকৃত অনুল্লেখযোগ্য একটা সাম্প্রদায়িক অনুভূতি লক্ষ করা গেছে। এখন সেটি ভারত থেকে ‘অবাঞ্ছিত নাশকতাকারীদের অনুপ্রবেশ’ প্রতিরোধের দিকে মোড় নিচ্ছে। পূর্ব বাংলায় একটি সীমান্ত যাতায়াতসংক্রান্ত পারমিট ব্যবস্থা চালুরও দাবি উঠেছে। সরকার বলেছে, বিষয়টি তারা বিবেচনা করে দেখছে। এটা সম্ভবত নিরাপত্তাগত দিক থেকে প্রয়োজন। তবে মনে হচ্ছে, বাস্তব প্রেক্ষাপট এমনই যে একটি পারমিট ব্যবস্থার প্রবর্তন ঘটলে তাতে দুই বাংলার মধ্যে বিরাজমান সহজ ব্যবসা-বাণিজ্য ও সামাজিক আদান-প্রদান ব্যাহত হবে। তবে কোনো ধরনের নাশকতামূলক কাজ ঘটানোর জন্য পরিকল্পিত অনুপ্রবেশ বন্ধ হবে না। ‘সর্বদলীয় সংগ্রাম কমিটি’র অধিকাংশ সদস্য বর্তমানে অন্তরীণ রয়েছেন এবং কমিটির সব কার্যক্রম স্থগিত রয়েছে। স্বাক্ষর (অস্পষ্ট)জন ডব্লিউ বাউলিং আমেরিকার কনসালসংযুক্তি: ১. ১৯৫২ সালের ১০ মার্চ প্রদত্ত কেন্দ্রীয় মন্ত্রী এ এন মালিকের বিবৃতির অংশবিশেষঅনুলিপি: দূতাবাস, করাচিদলিল: ৩ফরেন সার্ভিস ডেসপ্যাচ নং ৮৪, ৫ এপ্রিল ১৯৫২গোপনীয়প্রাপক: পররাষ্ট্র দপ্তর, ওয়াশিংটনপ্রেরক: মার্কিন কনস্যুলেট, ঢাকাসূত্র: কনস্যুলেট প্রতিবেদন নং ৮৩, ২৯ মার্চ ১৯৫২বিষয়: ১৯৫২ সালের ৪ এপ্রিল সপ্তাহান্তে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতি।রাজনৈতিক (গোপনীয়)এই সপ্তাহে রাজনৈতিক দৃশ্যপট ছিল শান্ত। বেশির ভাগ ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনীতিকেরা ছিলেন করাচিতে।মুসলিম লীগের পরিষদীয় দল পাকিস্তান সংবিধানের বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ, ফেব্রুয়ারির সংকটকালে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পদক্ষেপ তদন্ত করে দেখতে একটি প্রাদেশিক তদন্ত কমিশন গঠন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শুদ্ধিকরণের আহ্বান জানিয়ে প্রস্তাব পাস করেছে। মুখ্যমন্ত্রী বিভিন্ন উপলক্ষে কনস্যুলেটের কাছে এ অনুভূতি ব্যক্ত করেছেন যে, তাঁর রাজনৈতিক প্রতিপক্ষরা সংবিধান প্রণয়নে দীর্ঘসূত্রতা থেকে সুবিধা নিচ্ছে। কারণ, তারা জনসাধারণকে এটা বোঝাতে চাইছে যে, পূর্ব বাংলাকে তার বর্তমান মর্যাদা নিয়েই অনির্দিষ্টকাল ধরে চলতে হবে। পশ্চিম পাকিস্তান সম্পর্কেও তারা তাদের কাছে একই ধারণা দিচ্ছে। অধিকাংশ বাঙালিরই স্পষ্ট ধারণা নেই যে, করাচির ‘কর্তৃত্বের’ বিরুদ্ধে সংবিধানে রক্ষাকবচ সৃষ্টি করা হবে। [একুশে ফেব্রুয়ারির ঘটনায়] সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে একটি তদন্ত কমিশন গঠন করা হলে তা হবে নূরুল আমীন ও পূর্ব পাকিস্তান সরকারের ‘কঠোর’ নীতির সমর্থকদের জন্য একটি সম্পদ। কারণ, এই তদন্ত কমিশন করে সরকার একে যেমন প্রচারণার কাজে লাগাতে পারবে, তেমনই বিপুলসংখ্যক কর্মকর্তাকে শাস্তিও দিতে পারবে। এঁদের মধ্যে সচিব পর্যায়ের কর্মকর্তারাও রয়েছেন। তাঁরা ফেব্রুয়ারির দাঙ্গা প্রতিরোধ করার চেষ্টা করেননি। এমনকি নূরুল আমীন সরকারের পতনের সম্ভাবনা সৃষ্টি হওয়ায় প্রকাশ্যে তাঁদের উল্লাসও প্রকাশ করতে দেখা গেছে। ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা এখনো মনে করছেন, পূর্ব বাংলার সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন উত্খাত করতে সংকল্পবদ্ধ। কিন্তু রাজশাহীতে একটি নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন করার ব্যাপারে তাদের এখন বেশি ব্যগ্র দেখা যাচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ের একটা ‘আদর্শিক’ ভিত্তি থাকবে। এর লক্ষ্য হবে, একে বামপন্থী রাজনৈতিক আন্দোলনের কেন্দ্রস্থল হয়ে ওঠার কবল থেকে রক্ষা করা। এ সপ্তাহে মুসলিম লীগের পরিষদীয় দলের দাবির মধ্যে অব্যাহতভাবে সরকারের উদ্বিগ্ন থাকার বিষয়টির প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। কিন্তু কনস্যুলেট বুঝতে পারছে না যে, কেন তারা পদক্ষেপ নিতে দেরি করছে। কারণ, ১৫ এপ্রিলের পর ছাত্ররা আবার ক্যাম্পাসে ফিরে আসার আগে এখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুনর্গঠন করাটা সহজতর হওয়ার কথা। ইতিপূর্বে এর যে উত্তম ব্যাখ্যাটি কনস্যুলেট করেছে, তা হলো, এ মুহূর্তে কোনো ব্যবস্থা গ্রহণ করা থেকে পূর্ববঙ্গ সরকারকে প্রতিহত করতে কেন্দ্রের (ফজলুর রহমান, শাহাবুদ্দিন, কিংবা উভয়ের) চাপ রয়েছে।সর্বদলীয় রাষ্ট্রভাষা অ্যাকশন কমিটি (গ্রেপ্তারজনিত কারণে এখন ছিন্নভিন্ন) ও আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে যে [পূর্ব পাকিস্তান] হাইকোর্টের বিচারক এলিস [ব্রিটিশ বিচারক টমাস হোবার্ট এলিস পরে পূর্ব পাকিস্তানের গভর্নর হন] ২১ ফেব্রুয়ারিতে পুলিশের গুলিবর্ষণের যে গোপন তদন্ত করবেন, তা তারা বর্জন করবে। এসব সংগঠন এই বিষয়ে কনস্যুলেটের দৃষ্টিভঙ্গি গ্রহণ করে বলেই প্রতীয়মান হয়। আর তা হলো, এই তদন্ত—ক) পুলিশ কর্মকর্তাদের রেহাই দেবে, এবং খ) জনগণ যাতে এ বিষয়ে আর ‘রক্তমাখা শার্ট’ ওড়াতে না পারে সেটা নিশ্চিত করবে।...স্বাক্ষর (অস্পষ্ট)গ্রে ব্রিমআমেরিকান কনসালঅনুলিপি: দূতাবাস, করাচিদলিল: ৪গোপনীয়ফরেন সার্ভিস ডেসপ্যাচ নং ১০৩, ৭ জুন ১৯৫২প্রেরক: মার্কিন কনস্যুলেট, ঢাকা, পাকিস্তানপ্রাপক: পররাষ্ট্র দপ্তরসূত্র: কনস্যুলেটের প্রতিবেদন নং (অস্পষ্ট) ২৪ মে ১৯৫২বিষয়: ১৯৫২ সালের ৬ জুন পূর্ববর্তী পক্ষকালের রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতি।রাজনৈতিক২৬ মে রমজান উপলক্ষে মুসলিমদের উপবাসে মাসের সূচনা। রাজনৈতিক প্রেক্ষাপট অপেক্ষাকৃত শান্ত। কোনো কিছু সম্পন্ন করার জটিলতা আরও বেড়েছে। এখনো পর্যন্ত কিছু তত্পরতা লক্ষ করা যাচ্ছে। অবিভক্ত বঙ্গের সাবেক গভর্নর এ কে ফজলুল হক বর্তমানে পূর্ব বাংলার অ্যাডভোকেট জেনারেল এবং ‘জ্যেষ্ঠ নায়ক’। তিনি চট্টগ্রামের আসন্ন নির্বাচনে একজন প্রার্থী হবেন বলে ঘোষণা দিয়েছেন বলে জানা গেছে। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক শেখ মুজিবুর রহমান করাচি থেকে ফিরে এসেছেন। তিনি বলেছেন যে, নির্বাচনে লীগকে প্রচারাভিযান চালানোর পূর্ণ সুবিধা দেওয়া হবে বলে তিনি প্রধানমন্ত্রীর কাছ থেকে নিশ্চয়তা পেয়েছেন। সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করতে পূর্ব পাকিস্তান মুসলিম লীগের কার্যকরী কমিটি বৈঠক করেছে। জনৈক হাবিবুর রহমানের নেতৃত্বাধীন পূর্ব বাংলা পিস কমিটি নতুন কার্যকরী কমিটি নির্বাচনের জন্য বৈঠক করেছে। সেক্রেটারি হিসেবে মোহাম্মদ তোয়াহার বদলে হাসান পারভেজকে স্থলাভিষিক্ত করা হয়েছে। মোহাম্মদ তোয়াহাকে [২১] ফেব্রুয়ারি ঢাকার দাঙ্গার সময় গ্রেপ্তার করা হয়। সেই দাঙ্গাকে এখন প্রায়শ ‘রাষ্ট্রভাষা আন্দোলন’ হিসেবে বর্ণনা করা হচ্ছে।ফেব্রুয়ারিতে দাঙ্গার (কনস্যুলেটের প্রতিবেদন নং ৮৪ ও ৮৫, ৫ এপ্রিল ও ১২ এপ্রিল) সময় পুলিশি পদক্ষেপের ব্যাপারে বিচার বিভাগীয় তদন্ত সম্পন্ন হয়েছে। এতে পুলিশি ব্যবস্থা যথার্থ ছিল বলে বর্ণনা করা হয়েছে। তদন্তের নেতৃত্বদানকারী বিচারপতি অনানুষ্ঠানিকভাবে ইঙ্গিত দিয়েছেন যে গোপন শুনানিকালে জনগণের সামনে প্রকাশ্যে বলার মতো তেমন কিছু ঘটেনি; কিংবা অন্যভাবে বলা যায়, সেখানে প্রকৃতপক্ষে নতুন কিছুই পাওয়া যায়নি। তদন্ত কমিটির সিদ্ধান্ত প্রক্রিয়া বোধগম্য।গ্রে ব্রিমআমেরিকান কনসালঅনুলিপি: দূতাবাস, করাচিমার্কিন কনস্যুলেট জেনারেল, ক্যালকাটাদলিল: ৫গোপনীয়ফরেন সার্ভিস ডেসপ্যাচ নং ১১০, ২১ জুন ১৯৫২ প্রেরক: মার্কিন কনস্যুলেট, ঢাকা, পাকিস্তানপ্রাপক: পররাষ্ট্র দপ্তর, ওয়াশিংটনসূত্র: কনস্যুলেটের প্রতিবেদন নং ১০৫, ১৪ জুন ১৯৫২বিষয়: ১৯৫২ সালের ২০ জুন সপ্তাহান্তে রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতি।রাজনৈতিকপ্রাদেশিক সরকারের প্রশাসনিক কার্যক্রম ১৯ জুন বৃহস্পতিবার বন্ধ হয়ে পড়েছে। কারণ, প্রাদেশিক সরকারের কর্মকর্তা-কর্মচারীদের ১০ দিনের ছুটি শুরু হয়েছে (২৪ জুন অনুষ্ঠেয় ঈদুল ফিতরও এই সময়ে উদ্যাপিত হবে)। অনেক সরকারি কর্মকর্তা ছুটি নিয়েছেন। মুখ্য সচিব আজিজ আহমেদও এঁদের মধ্যে আছেন। তিনি এক মাসের ছুটি নিয়েছেন। সূত্রে [আগে পাঠানো] উল্লিখিত প্রতিবেদনে যেমনটা বলা হয়েছে, আজিজ আহমেদ [ভুট্টোর মন্ত্রিসভার পররাষ্ট্র প্রতিমন্ত্রী] ঘরোয়াভাবে এ গুজব অস্বীকার করেছেন যে তিনি কেন্দ্রীয় সরকারের কাছে যাচ্ছেন। কিন্তু একাধিক সূত্র মন্তব্য করেছে এবং এটি একটি সমর্থিত তথ্য যে, তার পদে [পূর্ব বাংলা সরকারের মুখ্য সচিব] চাকরির জন্য ত্রিমুখী প্রতিযোগিতা শুরু হয়েছে। এর মধ্যে আছেন চট্টগ্রামের জেলা কমিশনার এন এম খান, শিল্পসচিব আব্বাস খলিলি ও রাজস্ব বিভাগের বিশেষ কর্মকর্তা এ. ইসহাক। এসব গল্পের সত্যতা যাই হোক না কেন আজিজের (তিনি বাঙালি নন) বিরুদ্ধে স্থানীয় জনগণ যথেষ্ট ক্ষুব্ধ। কনস্যুলেট বিশ্বাস করে যে, তাঁর প্রতি ক্ষোভের ভেতর মূলত প্রাদেশিক মনোভাবেরই প্রতিফলন ঘটছে।মুখ্যমন্ত্রী নূরুল আমীন ১৪ জুন ময়মনসিংহ জেলা মুসলিম লীগের কর্মীদের এক বৈঠকে অংশ নিয়ে সবিস্তারে বক্তব্য রাখেন। তিনি ফেব্রুয়ারির ঢাকা দাঙ্গার উন্মেষ ও সরকারের নেওয়া পদক্ষেপ পর্যালোচনা করেন। তিনি ঘোষণা দেন, তাঁর কাছে অকাট্য প্রমাণ রয়েছে যে রাষ্ট্রের ভেতরে তিন ধরনের গোষ্ঠী নাশকতামূলক চক্রান্তে লিপ্ত। এরা হলো কমিউনিস্ট, বিদেশি চর ও রাজনৈতিক অশুভ শক্তি। কমিউনিস্টদের বিরুদ্ধে বক্তব্য রাখতে গিয়ে তিনি কলকাতার একটি কমিউনিস্ট পত্রিকা থেকে উদ্ধৃতি দেন। ভাষা আন্দোলনকে সঠিক পথে পরিচালিত করতে সহায়তা দেওয়ার জন্য ওই পত্রিকাটি পার্টিকে উসকে দেয়। বিদেশি এজেন্ট প্রসঙ্গে তিনি নাটকীয়ভাবে একটি গোপন দলিল প্রকাশ করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, ভাষা আন্দোলন থেকে ফায়দা তুলতে পাকিস্তানের বাইরে অবস্থিত ওই সংগঠনের ১২ ফেব্রুয়ারিতে জারি করা একটি পরিপত্রে তাদের সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়। জনস্বার্থে তিনি সংগঠনটির নাম প্রকাশ করেননি। বিক্ষুব্ধ রাজনীতিবিদদের প্রসঙ্গে তিনি বলেন, তাঁরা সুপরিচিত। পূর্ব ও পশ্চিম পাকিস্তানকে ভেঙে দিতে ভাষা আন্দোলন ও দাঙ্গার ঘটনা মিলিয়ে ফেলা ছিল তাদের অভিসন্ধি (তিনি সুনির্দিষ্টভাবে অবিভক্ত বঙ্গওয়ালাদের কথা উল্লেখ না করলেও তারাই তাঁর মনে ছিল)। দাঙ্গার প্রসঙ্গ নিয়ে বলার পর মুখ্যমন্ত্রী উল্লেখ করেন যে, মুসলিম লীগ অজনপ্রিয় হয়ে পড়ছে বলে যে গুজব শোনা যাচ্ছে তার কোনো ভিত্তি নেই। তিনি তাঁর শ্রোতাদের মনে করিয়ে দেন, মুসলিম লীগ ও পাকিস্তান অবিচ্ছেদ্য।...অনুলিপি : দূতাবাস, করাচিমার্কিন কনস্যুলেট জেনারেল, কলকাতা গ্রে ব্রিম আমেরিকান কনসাল