মার্কিন গোয়েন্দা সংস্থায় প্রথম নারী পরিচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল মঙ্গলবার স্বনামখ্যাত গোয়েন্দা কর্মকর্তা জুলিয়া পিয়েরসনকে গোয়েন্দা সংস্থার (সিক্রেট সার্ভিস) পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছেন। তিনিই হতে যাচ্ছেন বহু যুগ ধরে পুরুষ-নিয়ন্ত্রিত গোয়েন্দা সংস্থায় প্রথম নারী পরিচালক। গতকাল রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।জুলিয়া পিয়েরসন আগের পরিচালক মার্ক সুলিভানের স্থলাভিষিক্ত হবেন। কলম্বিয়ায় যৌনকর্মীর সঙ্গে গোয়েন্দা সদস্যের যৌন কেলেঙ্কারির ঘটনায় এ বছরের ফেব্রুয়ারিতে তিনি অবসর নেন।গোয়েন্দা সংস্থা তার পুরুষ-নিয়ন্ত্রিত সংস্কৃতি ও সংকীর্ণতার জন্য বরাবরই সমালোচিত হয়ে আসছে। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে পর্যাপ্তসংখ্যক নারী ও সংখ্যালঘু প্রতিনিধি না থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা প্রেসিডেন্ট বারাক ওবামা এমন সিদ্ধান্ত নিলেন।ফ্লোরিডার বাসিন্দা জুলিয়া পিয়েরসন বর্তমানে গোয়েন্দা সংস্থার চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৮৩ সালে তিনি বিশেষ গোয়েন্দা সদস্য হিসেবে মাঠপর্যায়ে কাজ শুরু করেন। পরিচালক পদে তাঁর নিয়োগে সিনেটের অনুমোদন লাগবে না। এক বিবৃতিতে বারাক ওবামা বলেন, ‘গোয়েন্দা সংস্থাটিকে নেতৃত্ব দেওয়ার সব দক্ষতা জুলিয়ার রয়েছে। এই দক্ষতা শুধু বড় ধরনের ঘটনার ক্ষেত্রে রক্ষাকর্তার ভূমিকা ও অর্থনৈতিক ব্যবস্থায় নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে নয়; আমার নিজেরসহ প্রেসিডেন্ট পরিবারের নিরাপত্তা ও অন্য নেতাদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রেও।’জুলিয়া ১৯৮৮ সাল থেকে প্রায় চার বছর প্রেসিডেন্টের নিরাপত্তা বিভাগে দায়িত্ব পালন করেন। ২০০৫ সালে নিরাপত্তা অপারেশন কার্যালয়ের উপসহকারী পরিচালক হন তিনি।গত বছরের এপ্রিলে প্রেসিডেন্ট ওবামার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত গোয়েন্দা সদস্য যৌনকর্মীর সঙ্গে কেলেঙ্কারিতে জড়িয়ে পড়লে সংস্থাটির ভাবমূর্তি ক্ষুণ্ন্ন হয়। একই সঙ্গে নানা প্রতিবেদনে উঠে আসে, প্রেসিডেন্টের নিরাপত্তায় গোয়েন্দাদের শৈথিল্য আছে। ওই ঘটনায় অন্তত ১২ জন গোয়েন্দার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ আনা হয় এবং অন্তত সাতজন চাকরিচ্যুত হন। তত্কালীন পরিচালক মার্ক সুলিভান দুঃখ প্রকাশ করেও শেষ রক্ষা করতে পারেননি। তাঁকে এ বছরের ফেব্রুয়ারিতে অবসরে পাঠানো হয়। রিপাবলিকান সিনেটর চাক গ্রাসলি বলেন, ওই কেলেঙ্কারির ঘটনায় অনেক মার্কিন নাগরিক গোয়েন্দা সংস্থার ওপর আস্থা হারিয়ে ফেলেছেন এবং অনেকে তাদের প্রতি আর উচ্চধারণা পোষণ করতে পারছেন না। এ পরিস্থিতিতে সংস্থাটির ভাবমূর্তি উজ্জ্বল করতে এর প্রতি মার্কিনিদের শ্রদ্ধা ফিরিয়ে আনাই জুলিয়ার সামনে বড় চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে সফল হবেন বলে গ্রাসলি আশা প্রকাশ করেন।