মার্কিন গোয়েন্দার আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত একজন গোয়েন্দা কর্মকর্তা আত্মহত্যা করেছেন বলে দেশটির নিরাপত্তা বাহিনী জানিয়েছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সিক্রেট সার্ভিস এজেন্ট রাফায়েল প্রিয়েতোকে বিদেশি একজন নাগরিকের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্কের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল।সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে রাফায়েলের এ মৃত্যুর ঘটনায় তারা শোকাহত বলে জানিয়েছে।গত এপ্রিলে কলম্বিয়ার কার্টেজেনা শহরে এ সম্মেলনে যোগ দেন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওই সম্মেলনে আগেই পৌঁছে যান গোয়েন্দা কর্মকর্তারা। অভিযোগ ওঠে, সিক্রেট সার্ভিস এজেন্টরা সেখানে কিছু পতিতাকে ভাড়া করেন। পরে তাঁদের চাকরিচ্যুত করা হয়।যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে বিদেশি নাগরিকদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সিক্রেট সার্ভিস এজেন্টদের অবশ্যই তাঁদের নিয়োগকারী সংস্থাকে অবহিত করতে হয়। ওই নিয়মের ব্যত্যয় হওয়ায় তাঁদের চাকরিচ্যুত করা হয়।বার্তা সংস্থা এপি জানায়, বিবাহিত রাফায়েল প্রিয়েতো তদন্তকারী দলের সদস্যদের কাছে মেক্সিকোর এক নারীর সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্কের কথা স্বীকার করেছেন। আর কার্টেজেনার ওই ঘটনার পর সিক্রেট সার্ভিসেরই আরেক সদস্য তাঁর সম্পর্কের বিষয়টি ফাঁস করে দেন।বিবিসির খবরে বলা হয়, প্রিয়েতোকে তাঁর নিজের গাড়িতেই পাওয়া গেছে। ওই সময় তাঁর গাড়ির ইঞ্জিনও চালু ছিল। কার্বন-মনোকাইডের বিষক্রিয়ায় তাঁর মৃত্যু হয় বলে ওয়াশিংটন পুলিশ জানায়।সিক্রেট সার্ভিসের মুখপাত্র এডউইন ডনোভান এক বিবৃতিতে জানান, ‘রাফায়েল প্রিয়েতো তাঁর ২০ বছরের বর্ণাঢ্য কর্মজীবনে কাজের প্রতি আন্তরিক ছিলেন। তিনি ছিলেন বন্ধুভাবাপন্ন একজন সহকর্মী।’প্রসঙ্গত, সিক্রেট সার্ভিস এজেন্টরা মার্কিন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও তাঁদের পরিবারের নিরাপত্তায় সরাসরি নিয়োজিত থাকেন। কার্টেজেনার ওই ঘটনার পর থেকে সিক্রেট সার্ভিসের সদস্যদের বিদেশ ভ্রমণে কড়াকড়ি আরোপ করা হয়। একই সঙ্গে দায়িত্ব পালনের সময় মদ্যপান ও হোটেলের কক্ষে বিদেশিদের যাতায়াতের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়।