মার্কিন ঘাঁটিতে তালেবান হামলায় নিহত ৮
আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি মার্কিন বিমানঘাঁটিতে আজ রোববার সকালে হামলা চালিয়েছে তালেবান জঙ্গিরা। এ ঘটনায় সাত জঙ্গি ও আফগান নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। দেশটির পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।আফগানিস্তানে দায়িত্বরত ন্যাটোর কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন বিমানঘাঁটির কাছে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হামলায় মার্কিন বাহিনীর কেউ হতাহত হননি।নাম প্রকাশে অনিচ্ছুক আফগান পুলিশ কর্মকর্তারা বলেছেন, সাতজন আত্মঘাতী হামলাকারী জালালাবাদের ওই বিমানঘাঁটিতে হামলা চালিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বন্দুকযুদ্ধের খবর জানিয়েছেন। তালেবান মুখপাত্র দাবি করেছেন, আজ সকাল ছয়টার দিকে তাঁদের কয়েকজন যোদ্ধা ওই এলাকায় প্রবেশ করেছেন। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, প্রথমে চার হামলাকারী বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে বিমানঘাঁটির বাইরের নিরাপত্তাব্যূহ ভাঙেন। এরপর অপর তিনজন জঙ্গি সেখানকার নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে। প্রায় ২০ মিনিট ধরে এ বন্দুকযুদ্ধ চলে।স্থানীয়রা জানিয়েছেন, হেলিকপ্টার থেকে জঙ্গিদের লক্ষ্য করে গুলি চালাতে দেখেছেন তাঁরা।