পাকিস্তানে গত তিন দিনে একের পর এক মার্কিন ড্রোন হামলার আনুষ্ঠানিক তীব্র প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। গতকাল মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইসলামাবাদে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স রিচার্ড হোগল্যান্ডকে তলব করে এই প্রতিবাদ জানায়। ওই মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ বুধবার টাইমস অব ইন্ডিয়ার প্রকাশিত এক খবরে এ কথা বলা হয়েছে।পাকিস্তানে গত তিন দিনের ধারাবাহিক ড্রোন হামলা চলাকালে সোমবার উত্তর ওয়াজিরিস্তানে আল-কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা আবু ইয়াহিয়া আল-লিবিসহ কমপক্ষে ১৬ ব্যক্তি নিহত হওয়ার পর গতকাল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় হোগল্যান্ডকে তলব করে এ হামলার আনুষ্ঠানিক প্রতিবাদ জানায়।পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানায়, পাকিস্তানের ভূখণ্ডে মার্কিন ড্রোন হামলার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে দেশটির সরকারের গভীর উদ্বেগ জানাতে হোগল্যান্ডকে ডাকা হয়। তাঁকে জানানো হয়, ড্রোন হামলা আইন-বহির্ভূত, আন্তর্জাতিক আইনবিরোধী ও পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন। গত এপ্রিলে পাকিস্তানের পার্লামেন্টে ড্রোন হামলাকে অগ্রহণযোগ্য বলে বর্ণনা করার বিষয়টিও তাঁকে স্মরণ করিয়ে দেওয়া হয়। এভাবে অব্যাহত ড্রোন হামলা বন্ধের জন্য কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয় হোগল্যান্ডকে।আজ এনডিটিভি অনলাইনের খবরে বলা হয়, পাকিস্তান সরকারের কাছে আবেদন না করে পেশোয়ারে জব্দ করা অননুমোদিত অস্ত্রের ব্যাপারেও মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সকে সতর্ক করে দেওয়া হয়। এসব অস্ত্র মার্কিন কূটনীতিকদের কাছে ছিল। পাকিস্তান বলেছে, সে দেশে বিদেশি কূটনীতিকের অস্ত্র বহন করা বেআইনি।পাকিস্তানে এ বছর এখন পর্যন্ত ২০টি ড্রোন হামলায় অন্তত ১৫১ জন নিহত হয়। এর জন্য বর্তমানে সাধারণ পাকিস্তানিদের মধ্যে যুক্তরাষ্ট্রবিরোধী অনুভূতি প্রবল। বিশেষ করে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী এলাকা ড্রোন হামলার প্রতিবাদে মুখর হয়ে উঠেছে। গতকালের মতো অতীতেও পাকিস্তান বারবার এসব হামলার নিন্দা জানিয়ে এসেছে কিন্তু তাতে কোনো ভ্রুক্ষেপ নেই যুক্তরাষ্ট্রের।এদিকে রিচার্ড হোগল্যান্ডকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করার পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জে কারনি গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে বলেন, ‘পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রতিদিন কাজে-কর্মে সে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এটা আমাদের জাতীয় নিরাপত্তারও বিষয়।’