মার্কিন জলসীমায় তেলদূষণ দ্রুত নিয়ন্ত্রণে আনা হবে: ওবামা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মেক্সিকো উপসাগরে একটি তেলকূপ বিস্ফোরণের ঘটনাকে প্রাকৃতিক বিপর্যয়ের ইতিহাসে ভয়াবহতম বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, বিস্ফোরিত তেলকূপ থেকে মার্কিন জলসীমায় তেলদূষণ খুব দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। ওবামা খনিজ তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে বিকল্প জ্বালানি সন্ধানের ওপর গুরুত্বারোপ করেছেন। দ্রুত স্বচ্ছ বিকল্প জ্বালানিনীতি প্রণয়নের জন্য তিনি মার্কিন আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।গতকাল মঙ্গলবার ওয়াশিংটন সময় রাত আটটায় ওভাল অফিস থেকে জাতির উদ্দেশে দেওয়া বক্তৃতায় মার্কিন জলসীমায় তেলদূষণে উদ্বিগ্ন দেশবাসীকে আশার কথা শুনিয়েছেন।গত ২০ এপ্রিল লুইজিয়ানা অঙ্গরাজ্যের সমুদ্র উপকূলে একটি তেলখনিতে বিস্ফোরণ ঘটে। ব্রিটিশ পেট্রোলিয়ামের (বিপি) নিয়ন্ত্রিত এ তেলকূপে ব্যাপক ফাটল দেখা দেয়। উপকূল থেকে প্রায় ৩০ মাইল সমুদ্রসীমায় তেলকূপটির অবস্থান। সাগরপৃষ্ঠের প্রায় আড়াই মাইল নিচে ফাটল দিয়ে অবিরাম তেল নির্গমন শুরু হয় এবং বিস্তীর্ণ জলসীমা দূষিত হয়ে যায়। ব্রিটিশ তেল কোম্পানি বিপি বারবার চেষ্টা করেও ফাটল নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়।অবিরাম তেলদূষণে উপকূলের ছয়টি অঙ্গরাজ্যে এরই মধ্যে বিপর্যয় দেখা দিয়েছে। মত্স্যজীবীরা কর্মহীন হয়ে পড়েছে এবং সমুদ্রকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য ও পর্যটন প্রায় বন্ধ হয়ে পড়েছে। এরই মধ্যে তেল ছড়িয়ে পড়ছে জলভাগের শত শত বর্গমাইল এলাকায়। গ্রীষ্মের এ পর্যটন মৌসুমে মেক্সিকো উপসাগরের উপকূল ভাগের অঙ্গরাজ্যগুলোতে লোকজন তেলভীতিতে তাদের যাত্রা বাতিল করছে।এ নিয়ে পুরো যুক্তরাষ্ট্র এখন উদ্বেগ আর উত্কণ্ঠায়। তেল কোম্পানি বিপিও চরম তোপের মুখে। দুর্ঘটনার আগাম আলামত পেয়েও বিপি পর্যাপ্ত প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়ার জোরালো অভিযোগ উঠেছে। তেল নির্গমনের বিষয়টি মার্কিন রাজনীতিকেও উত্তপ্ত করে তুলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও তাত্ক্ষণিক ব্যবস্থা নিতে প্রেসিডেন্ট ওবামা ব্যর্থ হয়েছেন বলেও সমালোচনা চলছে। রিপাবলিকানরা বলছে, গত ২০ এপ্রিল দুর্ঘটনার সূত্রপাত হলেও ওবামা প্রশাসন তাত্ক্ষণিকভাবে সক্রিয় হয়নি।নানা ইস্যুতে রাজনৈতিক আক্রমণের শিকার প্রেসিডেন্ট বারাক ওবামা এরই মধ্যে চতুর্থবারের মতো উপকূলীয় অঞ্চল সফর করেছেন। তিনি নিজে উপস্থিত থেকে পরিস্থিতির ভয়াবহতা পর্যবেক্ষণ এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর প্রয়াসও নিয়েছেন।মঙ্গলবার রাতে জাতির উদ্দেশে দেওয়া বক্তৃতায় ওবামা বলেন, দুর্ঘটনার জন্য দায়ী তেল কোম্পানি বিপি ক্ষতিগ্রস্ত জনগণের পাশে দাঁড়াবে। উপকূলীয় অঞ্চলের ক্ষয়ক্ষতি নিরূপণ এবং দীর্ঘমেয়াদি পুনর্বাসনে ব্যাপক উদ্যোগ নেওয়া হবে। এ জন্য বিপি কোম্পানির ওপর মোটা অঙ্কের ক্ষতিপূরণ তহবিল সরকারের কাছে হস্তান্তর করা হবে বলে প্রেসিডেন্ট তাঁর বক্তৃতায় আভাস দিয়েছেন।প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর বক্তৃতায় জানিয়েছেন, নির্গত হওয়া তেল নিয়ন্ত্রণে প্রতিদিন ৩০ হাজার কর্মী কাজ করছেন। তিনি অঙ্গরাজ্যগুলোর সরকারগুলোকে সহযোগিতার জন্য উপকূলে ১৭ হাজার ন্যাশনাল গার্ড পাঠানোর ঘোষণা দেন।প্রেসিডেন্ট ওবামার বক্তৃতার পরই বিষয়টি নিয়ে রিপাবলিকান দলের প্রতিক্রিয়া পাওয়া গেছে। সিনেটে রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল বলেন, মেক্সিকো উপসাগর থেকে প্রতিদিন নতুন নতুন সংকটের দুঃসংবাদ আসছে। সংকটকে ব্যবহার করে প্রেসিডেন্ট নিজে রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে উদ্যোগী হয়েছেন। বিকল্প জ্বালানিনীতি প্রণয়নের নামে ওবামার কর্মসূচি বাস্তবায়িত হলে জ্বালানি তেলের দাম বাড়বে, নতুন করে লোকজন কর্মহীন হবে বলে সিনেটর ম্যাককেইন তাঁর প্রতিক্রিয়ায় উল্লেখ করেন।এদিকে ফাটল বন্ধের প্রয়াস ব্যর্থ হলেও বিপি এখন কূপের কাছাকাছি নতুন কূপ খনন শুরু করেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিকল্প কূপ খনন সম্পন্ন হলে ফাটল হওয়া কূপে তেল নির্গমন চাপ কমবে বলে ধারণা করা হচ্ছে। আগামী মাসের শেষে বা মধ্য আগস্টের দিকে তেলের চাপ কমলেই ফাটল বন্ধ করতে পারবে বলে বিপির পক্ষ থেকে বলা হয়েছে। দুর্ঘটনার প্রথমদিকে বিপির পক্ষ থেকে বলা হয়েছিল, ফাটল দিয়ে প্রতিদিন গড়ে ৪২ হাজার গ্যালন তেলের নির্গমন হচ্ছে। এর পরিমাণ পরে দুই লাখ গ্যালনে উন্নীত হয়। গতকাল মঙ্গলবার মার্কিন বিজ্ঞানীরা জরিপ চালিয়ে জানিয়েছেন, ফাটল দিয়ে প্রতিদিন ২০ লাখ গ্যালনেরও বেশি তেল নির্গমন হচ্ছে, যা সাগরের পানিকে দূষিত করে তুলছে।