মার্কিন জেনারেলের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ গঠন
ঊর্ধ্বতন এক মার্কিন সেনা কর্মকর্তার বিরুদ্ধে অধস্তন নারী কর্মকর্তাদের সঙ্গে অশোভন আচরণ করার ঘটনায় অভিযোগ গঠন করা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার ওই সেনা কর্মকর্তার নাম জেফরি সিনক্লেয়ার। গতকাল মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়। আফগানিস্তানে ডেপুটি কমান্ডিং জেনারেল হিসেবে দায়িত্ব পালনকালে গত বছর জেফরি সিনক্লেয়ারকে দায়িত্ব থেকে সরিয়ে যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেওয়া হয়। অধস্তন চারজন ও একজন বেসামরিক নারীর সঙ্গে অশোভন আচরণ করার অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে। মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে এসব অভিযোগের ব্যাপারে তদন্ত শুরু হয়। তদন্তের পর তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলো। এখন সামরিক আদালতে তাঁর বিচার চলবে।গতকাল নর্থ ক্যারোলাইনার ব্রাগ সামরিক দপ্তরের মুখপাত্র বেন আবেল বলেন, জেফরি সিনক্লেয়ার তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তদন্ত দল তাঁর চারজন আইনজীবীকে প্রত্যাহারের কথা বলেছে। একই সঙ্গে যেসব অশোভন আচরণের অভিযোগ তাঁর বিরুদ্ধে গঠন করা হয়েছে, সে ব্যাপারে তাঁর বক্তব্য সামরিক বাহিনীর নতুন ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।