মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
ইরানের আকাশ সীমা লঙ্ঘন করায় দেশটির সামরিক বাহিনী চালকবিহীন মার্কিন একটি গোয়েন্দা বিমান (ড্রোন) গুলি করে ভূপাতিত করেছে। ইরানের সামরিক সূত্রের বরাতে বিবিসি এ খবর জানিয়েছে।ইরানের সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী এলাকায় ভূপাতিত আরকিউ ১৭০ ড্রোনটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি এখন সামরিক বাহিনীর হাতে রয়েছে।এদিকে আফগানিস্তানে ন্যাটো নেতৃত্বাধীন ইসাফ বাহিনী জানিয়েছে, গত সপ্তাহে আফগানিস্তানের পশ্চিমাঞ্চল থেকে তাদের একটি ড্রোন হারিয়ে যায়। সম্ভবত সেই ড্রোনটিই ইরান ভূপাতিত করেছে। ইসাফ এক বিবৃতি জানিয়েছে, ড্রোনটির পরিচালনাকারীরা এর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এখন তারা ড্রোনটির অবস্থান নির্ণয়ে কাজ করছে।ইরান গত জুলাইয়ে ফরদু পরমাণু কেন্দ্রের কাছে কম শহরে মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করা কথা জানিয়েছিল। এ ছাড়া গত জানুয়ারিতে পশ্চিমা দুটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে তেহরান। তবে তেহরান তার দাবির সমর্থনে সে সময় কোনো তথ্য-উপাত্ত উপস্থান করতে পারেনি।