মার্কিন ড্রোনে ইরানের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি চালকহীন মার্কিন বিমান (ড্রোন) লক্ষ্য করে গুলি ছুড়েছে ইরানের যুদ্ধবিমান। তবে এতে বিমানটির কোনো ক্ষতি হয়নি। গতকাল বৃহস্পতিবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনের কর্মকর্তারা জানান, ১ নভেম্বর আরব উপসাগরীয় এলাকায় নিয়মিত পর্যবেক্ষণ চলাকালে এ হামলার ঘটনা ঘটে। বিমানটি এ সময় আন্তর্জাতিক আকাশসীমার মধ্যে ছিল।পেন্টাগনের ভাষ্যমতে, ইরানের দুটি যুদ্ধবিমান প্রিডেটর ড্রোনকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। তবে তা লক্ষ্যভ্রষ্ট হয়। পরে ওই ড্রোন নিজ ঘাঁটিতে ফিরিয়ে নেওয়া হয়। পেন্টাগনের মুখপাত্র জর্জ লিটল বলেন, এ বিষয়ে প্রেসিডেন্ট বারাক ওবামাকে জানানো হয়েছে।গত বছর ইরান একটি মার্কিন ড্রোন আটক করে দাবি করেছিল, এটি তাদের আকাশসীমা লঙ্ঘন করে। এ ঘটনার পেছনে যুক্তরাষ্ট্রের ব্যাখ্যা ছিল যান্ত্রিক ত্রুটি।সাম্প্রতিক এ ঘটনার পরিপ্রেক্ষিতে লিটল আরও জানান, ‘ওই এলাকায় যুক্তরাষ্ট্র তাদের নজরদারি চালাবে। আরব উপসাগরে আন্তর্জাতিক জলসীমার ওপর দিয়ে নজরদারি অব্যাহত রাখার বিষয়ে ইরানের সঙ্গে আমরা কথা বলেছি।’ লিটল দাবি করেন, ড্রোনটি ইরানের আকাশসীমায় প্রবেশ করেনি।