মার্কিন তদন্ত সহযোগিতায় পাকিস্তানের ‘না’
ন্যাটোর যে বিমান হামলায় পাকিস্তানের ২৬ জন সেনা নিহত হয়েছেন, সে-সংক্রান্ত মার্কিন তদন্তে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে পাকিস্তান। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক মুখপাত্রের উদ্ধৃতির বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস এ খবর জানিয়েছে।মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র জর্জ লিটেল গতকাল শুক্রবার জানিয়েছেন, ন্যাটোর হামলায় পাকিস্তানের ২৬ সেনা নিহত হওয়ার ঘটনা তদন্তে ইসলামাবাদকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন, তবে বিষয়টি প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ।এদিকে গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের পক্ষ থেকে ন্যাটোকে জানানো হয়, ওই এলাকায় পাকিস্তানের কোনো সেনা নেই। ন্যাটোর ওই অভিযানে ইসলামাবাদের সবুজ সংকেত ছিল।উল্লেখ্য, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সেনা চৌকিতে গত ২৬ নভেম্বর সামরিক জোট ন্যাটোর হামলায় ২৬ জন পাকিস্তানি সেনা নিহত হন। এ ঘটনায় ক্ষুব্ধ পাকিস্তান দেশটি থেকে আফগানিস্তানে নিয়োজিত ন্যাটো বাহিনীর জন্য রসদ সরবরাহের পথ বন্ধ করে দেওয়ার পাশাপাশি ১৫ দিনের মধ্যে দেশটির শামসি বিমানঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রকে সরে যাওয়ার নির্দেশ দেয়।