মার্কিন দূতাবাস ও ‘ফ্রেন্ডস অব গ্রামীণে’র উদ্বেগ
মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকায় মার্কিন দূতাবাস ও প্যারিসভিত্তিক সংগঠন ফ্রেন্ডস অব গ্রামীণ।বার্তা সংস্থা এএফপি জানায়, ইউনূসকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়ার পদক্ষেপে মার্কিন দূতাবাস গভীরভাবে উদ্বিগ্ন।এদিকে গতকাল প্যারিস থেকে ই-মেইলে পাঠানো ফ্রেন্ডস অব গ্রামীণের বিবৃতিতে বলা হয়েছে, সরকারের নিয়োগ পাওয়া গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ঘোষণা করেছেন, আইনসম্মত না হওয়ায় ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ ব্যাংকের চিঠির উদ্ধৃতি দিয়ে চেয়ারম্যানের এ বক্তব্য তাঁর আইনি ক্ষমতাবহির্ভূত। চেয়ারম্যানের এ বক্তব্যের পর গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, মুহাম্মদ ইউনূস ব্যবস্থাপনা পরিচালকের পদে বহাল আছেন। এ ঘটনা নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে সরাসরি হুমকি এবং এ প্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টিতে সরকারের নতুন পদক্ষেপ। গ্রামীণ ব্যাংকের ১৯৮৩ সালের অধ্যাদেশ অনুযায়ী, সরকার ব্যাংকটির ১২ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদে তিনজন সদস্য নিয়োগ দিয়েছে। গ্রামীণ ব্যাংকের বর্তমানে ৮০ লাখ ঋণগ্রহীতা রয়েছেন, যাঁরা বোর্ডের বাকি ৯ সদস্য নির্বাচিত করেন।গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে সরকারের নেতৃত্বে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে, গত কয়েক দিনে দেখা যাচ্ছে সেসব ক্রমেই আইনগত ভিত্তিহীন হয়ে উঠছে। ফ্রেন্ডস অব গ্রামীণ বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং গ্রামীণ ব্যাংক ও মুহাম্মদ ইউনূসের প্রতি আইনসম্মত ও নিরপেক্ষ আচরণ করা হবে—এ প্রচারণা অব্যাহতভাবে চালিয়ে যাবে। কারণ দারিদ্র্য বিমোচনে তাদের অবদান অনন্য। তারা শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশের জন্য ভূমিকা রাখছে।