জামায়াতে ইসলামীর বিবৃতি
মার্কিন দূতাবাসের গাড়িতে হামলায় দুঃখ, অগ্নিসংযোগে অনুতাপ নেই
আজ হরতালে রাজধানীতে মার্কিন দূতাবাসের গাড়িতে হামলার ঘটনার দায় স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। কিন্তু হরতালে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জামায়াতের পক্ষ থেকে কোনো কথা বলা বা বিবৃতি দেওয়া হয়নি।আজকের সকাল-সন্ধ্যা হরতালে মার্কিন দূতাবাসের গাড়িতে হামলার ঘটনাকে ‘অভূতপূর্ব’ বলে এর দায় স্বীকার করে আজ মঙ্গলবার দলের ওয়েবসাইটে একটি বিবৃতি দিয়েছে জামায়াতে ইসলামী। ওই বিবৃতিতে মার্কিন দূতাবাসের গাড়িতে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করা হয়েছে। জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে আজ সকালে খিলক্ষেত উড়ালপথ (ফ্লাইওভার) নিচে মার্কিন দূতাবাসের একটি গাড়িতে ঢিল ছোড়েন জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কর্মীরা। এ সময় গাড়িটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টাও চালানো হয়। এ ঘটনায় জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মো. শাফিকুর রাহমান এক বিবৃতি দেন। বিবৃতিতে বলেন, ‘আজ ৪ ডিসেম্বর আনুমানিক সকাল পৌনে নয়টার দিকে একদল লোক ঢাকাস্থ মার্কিন দূতাবাসের একটি গাড়ির ওপর হামলা চালালে গাড়ির চালক সামান্য আহত হন এবং গাড়িটিও ক্ষয়ক্ষতি হয়। অভূতপূর্ব এই দুঃখজনক ঘটনার ব্যাপারে প্রাথমিক তদন্ত শেষে এর দায়দায়িত্ব আমরা গ্রহণ করছি এবং নিন্দা জানাচ্ছি। এই ঘটনার জন্য দূতাবাস এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের নিকট আমরা দুঃখ প্রকাশ করছি এবং এর ক্ষতিপূরণ দিতে আমরা প্রস্তুত।’তবে হরতাল চলাকালে রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর ও তাতে অগ্নিসংযোগ করেন জামায়াত ও শিবিরের কর্মীরা। এসব ঘটনায় বিবৃতিতে কোনো দুঃখ প্রকাশ করা হয়নি। কেন এসব ঘটনায় দুঃখ প্রকাশ করা হলো না, এ ব্যাপারে জানতে ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল সফিকুল ইসলাম মাসুদের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি প্রথম আলো ডটকমকে বলেন, ‘মার্কিন দূতাবাসের গাড়িতে হামলার বিষয়টি স্পর্শকাতর, তাই হয়তো দুঃখ প্রকাশ করা হয়েছে। আর আমি ঢাকা শহরের ব্যাপারটি দেখি, তাই যে প্রশ্নের উত্তর জানতে চাইলেন সেই ব্যাপারে এখন কিছু বলতে পারছি না।’