মার্কিন দূতের পাকিস্তান সফরে ইসলামাবাদের ‘না’
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বিশেষ দূত মার্ক গ্রোসম্যান পাকিস্তান সফরের আগ্রহ প্রকাশ করলেও ইসলামাবাদ তাতে সম্মতি দেয়নি। এ মুহূর্তে গ্রোসম্যানের পাকিস্তান সফর সম্ভব নয় বলে দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা আজ বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।মার্ক গ্রোসম্যান পাকিস্তান ও আফগানিস্তানে ওবামা প্রশাসনের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। তালবানদের বিষয়ে ইসলামাবাদের সঙ্গে আলোচনা করতে তাঁর পাকিস্তান সফরের কথা ছিল। ইসলামাবাদের এ সিদ্ধান্ত সম্পর্কে ওয়াশিংটনও অবহিত আছে।তবে কী কারণে মার্কিন দূত গ্রোসম্যানের পাকিস্তান সফরের ব্যাপারে ইসলামাবাদ অসম্মতি জানিয়েছে, তার ব্যাখ্যা দেননি ওই কর্মকর্তা।পাকিস্তানের এই পদক্ষেপ ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের চলমান কূটনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।গত বছর নভেম্বরে ন্যাটোর বিমান হামলায় ২৪ পাকিস্তানি সেনা নিহত হয়। এ ঘটনার পর দেশ দুটির মধ্যকার সম্পর্কের তিক্ততা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে।