মার্কিন নাগরিককে ১৫ বছরের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়ার একটি আদালত আজ বৃহস্পতিবার রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মার্কিন এক নাগরিককে ১৫ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। মার্কিন ওই নাগরিকের নাম কেনেথ বায়ে (৪৪)। বিবিসি অনলাইন ও রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) বরাত দিয়ে বিবিসি জানায়, ৩০ এপ্রিল কেনেথ বায়ের বিচারকাজ শুরু হয়। আজ রায় ঘোষণা করা হয়।গত বছরের নভেম্বরে কেনেথ বায়েসহ পাঁচজন পর্যটক উত্তর কোরিয়ার রাজিন শহরে ঘুরতে যান। সেখানে সরকারবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ঠিক কী অপরাধ করেছেন, এ ব্যাপারে উত্তর কোরীয় সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।কেনেথ আটক হওয়ার পর কয়েকটি পশ্চিমা গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, দারিদ্র্যপীড়িত রাজিন শহরের গৃহহীন শিশুদের ছবি তুলেছিলেন কেনেথ। তিনি উত্তর কোরিয়ার দারিদ্র্যের চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চেয়েছিলেন। উত্তর কোরিয়ার কাছে এটাই ছিল অপরাধ।গত সপ্তাহে উত্তর কোরিয়ার গণমাধ্যমে বলা হয়, সরকার উত্খাতসহ নানা ধরনের অপরাধমূলক তত্পরতায় জড়িত ছিলেন কেনেথ।কেনেথ বায়ের এ শাস্তির মধ্য দিয়ে পিয়ংইয়ং ওয়াশিংটনের সঙ্গে আলোচনার ক্ষেত্রে দরকষাকষির একটা পথ তৈরি করল বলে ধারণা করছেন বিশ্লেষকেরা। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন চলছে।দক্ষিণ কোরিয়ার কুকমিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জ্যাং মিয়ুং বংয়ের মতে, এ ঘটনার মধ্য দিয়ে প্রতীয়মান হচ্ছে, উত্তর কোরিয়া আরও কঠোর পদক্ষেপের দিকে যাচ্ছে।