মার্কিন নাগরিকদের সিরিয়া ভ্রমণ না করার পরামর্শ
যুক্তরাষ্ট্র গতকাল বৃহস্পতিবার সে দেশের নাগরিকদের প্রয়োজন ছাড়া সিরিয়া ভ্রমণ না করা এবং সেখানে অবস্থানরত মার্কিনিদের দেশটি ত্যাগ করার পরামর্শ দিয়েছে। সম্প্রতি দেশটিতে বিক্ষোভে ৬১ জন নিহত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে এ পরামর্শ দেওয়া হয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার জন্য মার্কিন পররাষ্ট্র বিভাগ তাদের নাগরিকদের সিরিয়ার দেরা শহর ও লাতাকিয়া বন্দর এলাকায় ভ্রমণ পরিহার করারও পরামর্শ দেয়।এর আগে গত ২৪ মার্চ যুক্তরাষ্ট্র মার্কিন নাগরিকদেরকে সিরিয়ার অস্থির এলাকাগুলো ভ্রমণ না করার পরামর্শ দিয়েছিল। এসব এলাকায় নিরাপত্তাকর্মী ও বিক্ষোভকারীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। সিরিয়ার সঙ্গে অনেক দিন ধরেই যুক্তরাষ্ট্রের বিরোধপূর্ণ সম্পর্ক চলছে। সিরিয়া হিজবুল্লাহ ও হামাসের মতো জঙ্গি দলগুলোকে সমর্থন দিয়ে যাচ্ছে বলে যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে। গতকাল আসাদ সিরিয়া থেকে জরুরি আইন প্রত্যাহার করার ঘোষণা না দেওয়ায় দেশটিতে বিক্ষোভ ও অস্থিরতা আরও বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। রয়টার্স।