মার্কিন নির্বাচনের ‘কালো’ কৌশল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভীতি জাগানিয়া বিজ্ঞাপন, ময়লার ঝুড়িতে পরিত্যক্ত ভোটার নিবন্ধন ফরম আর রাজনৈতিক গালাগাল যেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পিছু ছাড়ছে না। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবরে আজ রোববার বলা হয়, আসছে মঙ্গলবারের নির্বাচনের আগে এসব ঘটনার কারণে কোন কোন প্রার্থীর সমর্থকেরা নির্বাচন থেকে দূরে সরে যেতে পারেন বা মিথ্যা গালগল্পে প্রভাবিত হয়ে ভোটাররা মত পাল্টে অন্য কোনো প্রার্থীকে ভোট দিতে পারেন। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এর ফলে নির্বাচনের ফলাফল অপ্রত্যাশিতভাবে উল্টে যেতে পারে।পেনিসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের অ্যানিবার্গ পাবলিক পলিসি সেন্টারের পরিচালক ক্যাথলিন জেমিসন বলেন, ‘নির্বাচন যত এগিয়ে আসবে, এসব ব্যাপার ততই গুরুত্বপূর্ণ হয়ে দেখা দেবে। ২০০০ সালে আমাদের এ ধরনের ভয়ংকর অভিজ্ঞতা হয়েছে। ২০০৪ সালেও একই ঘটনা ঘটেছে।’নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ এমন বেশকিছু অঙ্গরাজ্যের ভোটারদের গত কয়েক দিনে একটি ভিডিও টেপ পাঠানো হয়েছে। ওই টেপটিতে একজন নারীর নগ্ন ছবি দেওয়া হয়েছে। দাবি করা হয়েছে, এসব ছবি প্রেসিডেন্ট বারাক ওবামার মায়ের এবং একটি যৌন পত্রিকা থেকে এসব সংগ্রহ করা হয়েছে। এ প্রসঙ্গে জেমিসন বলেন, এসব নোংরা কৌশলের কারণে উল্টো ফল হতে পারে। সমস্যা হলো, এ ধরনের রাজনৈতিক গালাগাল যখন চলতে থাকবে, তখন গোঁড়া সমর্থকেরা ছাড়া বাকিরা প্রভাবিত হবেন। সমর্থকেরা হয়তো মত পাল্টাবে না, ফলে যত মানুষকে আপনার সংগঠিত করার কথা, তার চেয়ে বেশি মানুষকে আপনি বিচ্ছিন্ন করে দেবেন। ফ্যাক্টচেক নামের একটি অনলাইন পত্রিকার সম্পাদক ব্রুকস জ্যাকসন বলেন, জনগণকে এ ধরনের বিপুল তথ্য সরবরাহ বিপদ ঘটাতে পারে। নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রার্থীরা বেশি করে প্রতারণার আশ্রয় নিচ্ছেন। তিনি বলেন, ‘আমার মনে হয় আমরা আরও বেশি ঘাঁটাঘাঁটি করতে পারি, কিন্তু, এ জন্য জনগণের জ্ঞানের পরিধি বাড়ানো দরকার। এটা নির্লজ্জ রাজনীতিবিদদের দিয়ে হবে না।’কিছুদিন আগে একটি বিজ্ঞাপন প্রচারের জন্য রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থী মিট রমনি ডেমোক্রেটিক পার্টির নেতা-কর্মী এবং জেনারেল মোটর্স ও ক্রিসলার কোম্পানির কর্তৃপক্ষের ব্যাপক নিন্দার মুখে পড়েন। ওই বিজ্ঞাপনে দেখানো হয়, ওবামা এমন এক ব্যবসায়ীকে সহায়তা করেছেন, যিনি মার্কিন কাজকর্ম চীনে করিয়ে নেন। অথচ এ তথ্যটি ছিল মিথ্যা।ওবামার প্রচার বিভাগও সমানে ডাহা মিথ্যা প্রচার করছে। রমনি ক্ষমতায় গিয়ে সব ধরনের গর্ভপাত নিষিদ্ধ করবেন, এমন প্রচার চালাচ্ছে ওবামার দল। অথচ রমনি পরিষ্কার করে জানিয়েছেন, ধর্ষণ, অসতর্কভাবে গর্ভধারণ বা মায়ের জীবন বাঁচানোর মতো গুরুত্বপূর্ণ ঘটনায় গর্ভপাত নিষিদ্ধ থাকবে না।একটি বিজ্ঞাপনে বলা হয়, ‘ওবামার পক্ষে দেওয়া প্রতিটি ভোট মুসলমান ও খ্রিষ্টানদের জীবনের জন্য হুমকি।’ এ বিজ্ঞাপনে ছিন্নভিন্ন মরদেহ এবং রক্ত দেখানো হয়। এমন কিছু কৌশল খাটানো হচ্ছে, যেগুলো আইনসিদ্ধ নয়। অথচ দুই দলের বাইরে অন্য কেউ এগুলো চর্চা করেই যাচ্ছে। এমন কিছু ঘটনা হলো: ফ্লোরিডা ও ভার্জিনিয়ার দোদুল্যমান ভোটারদের কাউকে কাউকে ফোন করে জানানো হয়, ‘আপনারা ফোনেই ভোট দিতে পারবেন।’ ফ্লোরিডার ভোটারদের অনেককেই চিঠি দিয়ে জানানো হয়েছে, ‘এফবিআই তাদের নথিপত্র পরীক্ষা করা শুরু করেছে। কারণ এফবিআই মনে করে, এসব ভোটারের নাগরিকত্ব ঠিক নেই।’ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের নির্বাচন বিশেষজ্ঞ রিক হাসেন বলেন, ভোটার রেজিস্ট্রেশন ফরম বাতিল করে দেওয়া একটি বড় সমস্যা, যদিও নির্বাচনের ফলাফলে এসবের প্রভাব পড়বে খুব কম।