আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ১৯৭১ সালে বাঙালির স্বাধীনতাযুদ্ধ নস্যাৎ করতে সপ্তম নৌবহর পাঠিয়েছিলেন। কিন্তু বাঙালি ভয়ে ঘরে ঢুকে যায়নি; রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে। বর্তমান জমানায় নতুন ইস্যুতে আবারও মার্কিন নৌবহর আসবে বলে লিখছে কোনো কোনো পত্রিকা। আমরাও বলে রাখছি, বাঙালি রক্ত দিয়ে যেমন স্বাধীনতা এনেছে, তেমনি প্রয়োজন হলে রক্ত দিয়েই স্বাধীনতা রক্ষা করবে। মার্কিন নৌবহরকে বাঙালি ভয় পায় না।’স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর বিয়াম মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার আয়োজিত এক আলোচনা সভায় সৈয়দ আশরাফ এসব কথা বলেন। আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এই আলোচনা সভার আয়োজন করে।সৈয়দ আশরাফ মুক্তিযুদ্ধকালীন সংকটের কথা বলতে গিয়ে আরও বলেন, ১৯৭১ সালে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্রমূলকভাবে জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাব তুলেছিল। তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ও ভারতের জোরালো ভূমিকার কারণে তারা সফল হয়নি। সোভিয়েত ইউনিয়ন ও ভারতের সে সময়ের ভূমিকার জন্য বাংলাদেশ তাদের শ্রদ্ধা করে।আলোচনায় সভাপতির বক্তব্যে স্বাচিপের সভাপতি ও স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক গ্রামের মানুষকে বেশি করে সেবা দেওয়ার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, গ্রামে চিকিৎসা দেওয়ার অভিজ্ঞতা চাকরি জীবনের একপর্যায়ে এসে প্রতিটি চিকিৎসকের জীবনের স্মরণীয় অধ্যায় হয়ে দেখা দেয়। গ্রামের মানুষ সেবা পেলে চিকিৎসকদের খুব আপন করে নেন। এটা তিনি অভিজ্ঞতা থেকে দেখেছেন।আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের ব্যাপক সমালোচনা করে বক্তব্য দেন। তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের নয়জন পরিচালকের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। তাঁরা অক্ষরজ্ঞানসম্পন্ন। হাজার হাজার লোকের আমানত রক্ষার দায়িত্বে আছেন ওই অক্ষরজ্ঞানসম্পন্নরা। ভালো উদ্দেশ্য নিয়ে তাঁদের পরিচালক করা হয়নি।মাহবুব উল আলম হানিফ আরও বলেন, ‘অনেকেই বলে থাকেন, বঙ্গবন্ধু ও ইউনূস বহির্বিশ্বে বাংলাদেশকে পরিচিত করেছেন। এটা আংশিক সত্য। মূল সত্যটা হচ্ছে বঙ্গবন্ধু দেশকে স্বাধীন করে বহির্বিশ্বে বাঙালিকে বীরের জাতি হিসেবে পরিচিত করেছেন। আর ইউনূস বিদেশ থেকে সাহায্য এনে ভিক্ষুকের জাতি হিসেবে পরিচিত করেছেন।’ তিনি আরও বলেন, মন্দা অর্থনীতির কারণে মুনাফা কমে যাওয়ায় পশ্চিমারাও ক্ষুদ্রঋণের আড়ালে তাদের পুঁজি খাটিয়ে এ দেশ থেকে মুনাফা করছে। এ জন্যই ইউনূসের পক্ষ নিচ্ছে তারা।স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির বলেন, স্বাধীনতার জন্য পেশাজীবীদের মধ্যে চিকিৎসকেরাই সবচেয়ে বেশি রক্ত দিয়েছে। তাই স্বাধীন দেশের মানুষের সেবা দেওয়ার ক্ষেত্রেও চিকিৎসকদের দৃষ্টান্ত স্থাপন করতে হবে।বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মাহমদু হাসান ১৯৭১ সালে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যকার বিভিন্ন বৈষম্য তুলে ধরে বক্তব্য দেন।আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া, স্বাচিপের মহাসচিব ইকবাল আর্সলান, নেতা মনিরুজ্জামান ভূঁইয়া প্রমুখ।