মার্কিন পররাষ্ট্র দপ্তরে আগুন, আহত ৪
মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান ভবনে গতকাল শনিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারজন কর্মী আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ওয়াশিংটনে পররাষ্ট্র দপ্তরের প্রধান ভবনের অষ্টম তলায় গতকাল বেলা ১১টার দিকে দৈনন্দিন রক্ষণাবেক্ষণ ও সংস্কারকাজ চলার সময় আগুনের সূত্রপাত ঘটে। এতে চারজন কর্মী আহত হয়েছেন। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।অগ্নিনির্বাপক কর্মীরা আসার আগেই পররাষ্ট্র দপ্তরের রক্ষণাবেক্ষণ কর্মীরা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে অগ্নিনির্বাপক কর্মীরা এসে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলেন।পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রধান ভবনের সংস্কারকাজ ব্যাহত হবে না। সপ্তাহ শেষে যথারীতি দপ্তর খুলবে। ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার অগ্নিনির্বাপক বিভাগের প্রধান এডওয়ার্ড মিলস জানিয়েছেন, অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে তিনি কোনো ধরনের সন্দেহ প্রকাশ করেননি।