মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র পি জে ক্রাউলির পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশাসনের সমালোচনা করার জেরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র পি জে ক্রাউলি পদত্যাগ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গত রোববার বিকেলে তাঁর পদত্যাগপত্র গ্রহণের কথা নিশ্চিত করেছেন।তথ্য ফাঁসের সাড়া জাগানো প্রতিষ্ঠান উইকিলিকসের কারণেই পি জে ক্রাউলিকে পদত্যাগ করতে হয়েছে। উইকিলিকসের কাছে গোপন তথ্য পাচারের অভিযোগে মার্কিন সেনা কর্মকর্তা ব্রেডলি মেনিংকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। রাষ্ট্রীয় গোপন সামরিক তথ্য পাচারের জন্য ব্রেডলি মেনিংয়ের বিচারও শুরু হয়েছে। ব্রেডলির আইনজীবী অভিযোগ করেছেন, তাঁর মক্কেলকে গ্রেপ্তারের পর পেন্টাগন কর্তৃপক্ষ ব্যাপক নির্যাতন চালিয়েছে। সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত কারাগারে ব্রেডলি মেনিংকে দিনের পর দিন পুরোপুরি নগ্ন করে রাখা হয়েছে। এসব অভিযোগের পর মার্কিন মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে প্রশাসনের বিরুদ্ধে সমালোচনা ঝড় উঠে। মার্কিন উদারনৈতিক মহল থেকেও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে ওবামা প্রশাসনের সমালোচনা শুরু হয়।গত বৃহস্পতিবার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) মার্কিন পররাষ্ট্রনীতি এবং মানবাধিকার নিয়ে বক্তব্য দেন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র পি জে ক্রাউলি। এ সময় তিনি ব্রেডলির প্রতি পেন্টাগনের আচরণের তীব্র সমালোচনা করেন। এমআইটিতে দেওয়া ক্রাউলির বক্তব্য বাইরে ছড়িয়ে পড়লে প্রশাসনে তোলপাড় শুরু হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তার এমন বক্তব্য ওবামা প্রশাসনের জন্য বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে।গত শুক্রবার খোদ প্রেসিডেন্ট বারাক ওবামা ব্রেডলির প্রতি পেন্টাগনের আচরণকে সমর্থন করে বক্তব্য দেন। এবিসি টেলিভিশনে দেওয়া সাক্ষাত্কারে ওবামা বলেন, ব্রেডলির প্রতি পেন্টাগনের আচরণে বিভাগীয় মান বজায় ছিল বলে তাঁকে নিশ্চিত করা হয়েছে।মার্কিন সংবাদমাধ্যমের অভিমত, ব্রেডলি বিতর্কের জেরেই পি জে ক্রাউলির আকস্মিক পদত্যাগ করেন।মার্কিন বিমানবাহিনীর সাবেক কর্নেল পি জে ক্রাউলি ক্লিনটন প্রশাসনে জাতীয় নিরাপত্তা বিভাগে কর্মরত ছিলেন। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সময় তিনি বিমানবাহিনীর মুখপাত্র হিসেবেও কাজ করেছেন। প্রেসিডেন্ট ওবামা ক্ষমতায় আসার পর ২০০৯ সালের জানুয়ারি থেকে পি জে ক্রাউলি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে কাজ করছিলেন।গত রোববার দেওয়া পদত্যাগপত্রে ক্রাউলি এমআইটিতে দেওয়া তাঁর বক্তব্যের দায় স্বীকার করেছেন। অবশ্য প্রকাশ্যে পেন্টাগনের সমালোচনা করার জন্য পদত্যাগপত্রে তিনি কোনো দুঃখ প্রকাশ করেননি।