মার্কিন পাসপোর্ট, নাগরিক সেবা ফি ও ডিভির ফি বাড়ছে
আমেরিকান পাসপোর্ট ও নাগরিক সেবাসংক্রান্ত ফির পাশাপাশি ১৩ জুলাই থেকে ডাইভারসিটি ভিসার (ডিভি) আবেদন ফি বাড়ছে। ক্রমবর্ধমান মূল্যের সঙ্গে সংগতি রেখে মার্কিন পররাষ্ট্র দপ্তর ফি বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকায় মার্কিন দূতাবাস আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।জানা গেছে, কনস্যুলার-সংক্রান্ত সেবা দেওয়ার সময় প্রয়োজনীয় সম্পদের ক্রমবর্ধমান মূল্যের সঙ্গে সংগতি রেখে মার্কিন পররাষ্ট্র দপ্তর পাসপোর্ট ও নাগরিক সেবাসংক্রান্ত ফি এবং ডিভির আবেদন ফি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কনস্যুলার-বিষয়ক ব্যুরো ২০০৯ সালের জুনে একটি সেবা মূল্যসংক্রান্ত জরিপ চালায়। মার্কিন সরকারকে কনস্যুলার সেবা দেওয়ার ক্ষেত্রে প্রত্যক্ষ ও পরোক্ষ সেসব খরচ বহন করতে হয়, জরিপে সেই মোট খরচগুলোকে বিবেচনা করা হয়েছে। নতুন নির্ধারিত ফিগুলোতে মার্কিন নাগরিক সেবা, অভিবাসন ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবার সঙ্গে সংশ্লিষ্ট খরচের পরিমাণ প্রতিফলিত হচ্ছে। পরিবর্তিত ফির পুরো তালিকাটি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে (http://travel.state.gov/visa/fees/fees_1341.html) পাওয়া যাবে।পরিবর্তিত ফির হার হচ্ছে: প্রাপ্তবয়স্ক নাগরিকদের পাসপোর্টের জন্য আবেদন ৭০ ডলার, বিদেশে জন্মসংক্রান্ত কনস্যুলার রিপোর্ট ১০০ ডলার, পাসপোর্টের অতিরিক্ত পৃষ্ঠার জন্য ৮২ ডলার, নোটারি ও সত্যায়িত সেবা প্রতি সিল ৫০ ডলার, পাসপোর্ট বই নিরাপত্তা সারচার্জ ৪০ ডলার ও আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব দাবি ত্যাগ ৪৫০ ডলার। উল্লেখ্য, নতুন হারে এই ফি মার্কিন ডলার কিংবা সমমানের বাংলাদেশি টাকায় দেওয়া যাবে।ডিভির ভিসা ফি বাড়ছে: ডাইভারসিটি ভিসার আবেদন ফি মাথাপিছু বেড়ে ৮২০ ডলার হবে। ডিভি আবেদনকারীদের বলা হয়েছে, আবেদন পত্রে যে কয়জন ব্যক্তির নাম উল্লেখ করা থাকবে, তাঁদের প্রত্যেকের জন্য আবেদন ফি প্রদান করতে হবে। কোনো আবেদনকারী যদি অন্যদের সঙ্গে না গিয়ে পরেও যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করে, তাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। ডিভি আবেদনের ফি সাক্ষাত্কারের আগে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, উত্তর গুলশান শাখা, ১৮৯ গুলশান এভিনিউ (উত্তর), গুলশান ২, ঢাকা-১২১২তে জমা দিতে হবে।