মার্কিন প্রতিনিধি পরিষদে ঋণসীমা বিল পাস
মার্কিন কংগ্রেসের রিপাবলিকান-নিয়ন্ত্রিত নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে আলোচিত ঋণসীমা বাড়ানো ও ব্যয় কাটছাঁট বিল শেষ মুহূর্তে পাস হয়েছে। গতকাল সোমবার ২৬৯-১৬১ ভোটে বিলটি পাস হয়।সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হ্যারি রিড জানান, বিলটির ওপর আজ মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টায় (গ্রিনিচ মান সময় ১৬টা) সিনেটে ভোটাভুটি হওয়ার কথা। সিনেটে পাস হওয়ার পর বিলটিতে প্রেসিডেন্ট বারাক ওবামা স্বাক্ষর করলে এটি আইনে পরিণত হবে।প্রতিনিধি পরিষদে পাস হওয়া এ বিলে ঋণসীমা দুই দশমিক চার ট্রিলিয়ন ডলার পর্যন্ত বাড়ানো হয়েছে। একই সঙ্গে আগামী ১০ বছরে ব্যয় কাটছাঁট করা হয়েছে অন্তত দুই দশমিক এক ট্রিলিয়ন ডলার।যুক্তরাষ্ট্র সরকারের এবারের বাজেট ঘাটতি এক দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার এবং জাতীয় ঋণ ১৪ দশমিক তিন ট্রিলিয়ন ডলার। সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হ্যারি রিড আগামী ১০ বছরে দুই দশমিক দুই ট্রিলিয়ন ডলার ব্যয় কাটছাঁট ও ঋণসীমা দুই দশমিক চার ট্রিলিয়ন ডলার পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন। মার্কিন কংগ্রেসে বিলটি আজকের মধ্যে ঋণসীমা বাড়ানোর প্রস্তাব পাস না হলে মার্কিন সরকারের ব্যয় নির্বাহ ও ঋণের কিস্তি পরিশোধ অসম্ভব হয়ে পড়বে। এই ব্যয়সংকোচন ও ঋণসীমা বাড়ানো নিয়ে ক্ষমতাসীন ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে অচলাবস্থা বিরাজ করছিল। এমনকি ডেমোক্র্যাটদেরও কেউ কেউ এতে নারাজি ছিলেন।গত রোববার প্রেসিডেন্ট ওবামা ঘোষণা দেন, ঋণসীমা বাড়ানো এবং ব্যয় কাটছাঁট নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকান নেতারা সমঝোতায় পৌঁছেছেন।এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বিলে নারাজি থাকা সিনেট ও প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাট আইন প্রণেতাদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন। বৈঠকের পর বাইডেন জানান, তাঁর বিশ্বাস কংগ্রেস বিলটি পাস করবে। বিবিসি ও রয়টার্স।