মার্কিন প্রশিক্ষকদের আমন্ত্রণ জানাবে পাকিস্তান
মার্কিন সেনা প্রশিক্ষকদের চলতি বছরের এপ্রিল বা মে মাসের দিকে আবারও পাকিস্তানে ফিরে আসার আমন্ত্রণ জানাবে ইসলামাবাদ। তবে মার্কিন ড্রোন হামলার ব্যাপারে দেশটি আর অনুমোদন দেবে না। পাকিস্তানি কর্মকর্তাদের বরাত দিয়ে ফক্স নিউজ গতকাল শুক্রবার এ খবর জানিয়েছে। গত বছরের নভেম্বরে ন্যাটোর হামলায় ২৪ পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর ওয়াশিংটন ও ইসলামাবাদের মধ্যে চরম কূটনৈতিক উত্তেজনা দেখা দেয়। ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক পুনর্বিবেচনায় একটি সংসদীয় কমিটি গঠন করে ইসলামাবাদ।এ কমিটি ৩০ জানুয়ারি উভয় দেশের মধ্যে নতুন করে সম্পর্ক শুরু করার বিষয়ে একটি শর্তযুক্ত তালিকা দেবে। ওই তালিকার শর্তে পাকিস্তানে আর মার্কিন ড্রোন হামলা নয় বরং প্রশিক্ষকদের অনুমোদন দেওয়ার কথা উল্লেখ রয়েছে। এক জ্যেষ্ঠ পাকিস্তানি কর্মকর্তা ফক্স নিউজকে এ কথা জানিয়েছেন। ওই কর্মকর্তা জানান, সিআইএ কোনোভাবেই পাকিস্তানে সেনা অভিযান চালাতে পারবে না। তবে মার্কিন বিশেষ বাহিনীসহ সেনা প্রশিক্ষকদের সে দেশে ফেরত আসার বিষয়টি পাকিস্তান অনুমোদন দিতে পারে। এ ছাড়া জঙ্গিদের ব্যাপারে সিআইএয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে পাকিস্তান।গত বছরের নভেম্বরে ন্যাটোর হামলায় ২৪ পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের সম্পর্কের চরম অবনতি হয়। শামসি বিমান ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রকে সরে যেতে বাধ্য করে পাকিস্তান। একই সঙ্গে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার ঘোষণা দেয় ইসলামাবাদ।