মার্কিন বিবৃতির সমালোচনা করলেন মেনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাংসদ রাশেদ খান মেনন অভিযোগ করেন, সারা দেশে জামায়াত-শিবির যে তাণ্ডব চালাচ্ছে তাতে নির্বিকার ভূমিকা পালন করছে বিএনপি। এ ছাড়া জামায়াত-শিবিরের সাম্প্রতিক সহিংসতার ব্যাপারে মার্কিন দূতাবাসের বিবৃতির কড়া সমালোচনা করেছেন তিনি।পুলিশের ওপর জামায়াত-শিবিরের হামলা ও তাণ্ডবের প্রতিবাদে আজ শুক্রবার সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ। ওই সমাবেশে রাশেদ খান মেনন এসব কথা বলেন।প্রসঙ্গত, মার্কিন দূতাবাসের বিবৃতিতে বলা হয়, ‘ঢাকা ও অন্যান্য জেলায় সংঘটিত সাম্প্রতিক সহিংসতায় মার্কিন দূতাবাস উদ্বিগ্ন। এ সহিংসতার ফলে যারা আহত ও ব্যক্তিগতভাবে সম্পত্তির ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে, তাদের প্রতি রয়েছে আমাদের সহমর্মিতা।’ এতে আরও বলা হয়, ‘শান্তিপূর্ণভাবে প্রতিবাদে জড়িত হওয়া একটি মৌলিক গণতান্ত্রিক অধিকার; সহিংসতায় জড়িয়ে পড়ার কোনো যৌক্তিকতা নেই। আমরা বিশ্বাস করি, সংলাপই যেকোনো মতপার্থক্য দূর করার সবচেয়ে ভালো উপায়।’সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চের সমাবেশ থেকে জামায়াত-শিবিরের তত্পরতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।রাশেদ খান মেনন মার্কিন দূতাবাসের বিবৃতির সমালোচনা করে বলেন, ‘একটি দেশ অন্য দেশের ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে না।’ তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র জামায়াতে ইসলামীকে গণতান্ত্রিক দল বলার অন্যতম কারণ হচ্ছে, যুদ্ধাপরাধীদের বিচার প্রতিহত করা। অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার সমাপ্ত করে দেশকে কলঙ্কমুক্ত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।সমাবেশে অজয় রায় যুক্তরাষ্ট্রের ভূমিকার সমালোচনা করেন এবং জামায়াত-শিবিরের অপতত্পরতাসহ সব অপকর্মের বিরুদ্ধে আগামী ৮ ডিসেম্বর মহাসমাবেশ করার ঘোষণা দেন।সমাবেশে ঘোষণাপত্র পাঠ করেন সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চের যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন তারেক আলী। ঘোষণাপত্রে বলা হয়, ২৫-৩০ নভেম্বরের মধ্যে সারা দেশে সভা-সমাবেশ করার মধ্য দিয়ে জনমত গড়ে তোলা হবে।সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যের আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্য, নারীনেত্রী শিরীন আখতার, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি আতিয়ার রহমান প্রমুখ। সংক্ষিপ্ত সমাবেশ শেষে জাতীয় জাদুঘরের সামনে থেকে একটি মিছিল বের হয়ে তা জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।