মার্কিন বিমানবাহিনীতে যৌন হয়রানি বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীতে প্রশিক্ষকদের হাতে নারী ক্যাডেটদের যৌন হয়রানির অভিযোগ দিন দিন বাড়ছে। দেশটির বিমানবাহিনী বলেছে, প্রশিক্ষণের সময় সামরিক পরিদর্শকেরা কমপক্ষে ৩১ জন নারী ক্যাডেটকে যৌন-লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।যুক্তরাষ্ট্রের এয়ার এডুকেশন অ্যান্ড ট্রেনিং কমান্ডের অধিনায়ক জেনারেল এডওয়ার্ড রাইস গতকাল বৃহস্পতিবার পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে বলেন, টেক্সাসের কাছে ল্যাকল্যান্ড বিমানবাহিনীর ঘাঁটিতে যৌন হয়রানির অভিযোগে কর্তৃপক্ষ ১২ জন পুরুষ প্রশিক্ষণ পরিদর্শকের বিরুদ্ধে তদন্ত করছে। তিনি বলেন, এই ১২ জনের নয়জনই ৩৩১তম ট্রেনিং স্কোয়াড্রনের অধীনে রয়েছেন। এর মানে, সম্ভবত ওই ইউনিটেই সমস্যাটা বেশি।অভিযোগ ওঠায় এর মধ্যে স্কোয়াড্রনটির কমান্ডারকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। রাইস বলেন, কত দিন ধরে ল্যাকল্যান্ডে এ ধরনের যৌন হয়রানির ঘটনা ঘটছে, তা পরিষ্কার নয়। তবে মার্কিন বিমানবাহিনী বিশ্বাস করে, হয়রানির ঘটনাগুলো ২০০৯ সালের আগে ঘটেছিল। তিনি বলেন, ‘যৌন হয়রানির শিকার প্রায় ৩১ জন নারী ক্যাডেটকে আমরা শনাক্ত করেছি। এর বাইরে আরও কেউ আছেন কি না, এ ব্যাপারে অনুসন্ধান চলছে।’এর মধ্যে পিটার ভেগা-মালদোনাদো নামের একজন স্টাফ সার্জেন্ট এক প্রশিক্ষণার্থীর সঙ্গে অনুচিত সম্পর্কের কথা স্বীকার করেছেন। তিনি ১০ জন নারী ক্যাডেটের সঙ্গে অসংযত সম্পর্কের সাক্ষ্যপ্রমাণও হাজির করেছেন। আগামী মাসে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগ ওঠা আরেকজন প্রশিক্ষকের বিচার শুরু হবে। বিমানবাহিনীতে পরিদর্শক ও ক্যাডেটের মধ্যে যেকোনো ধরনের ব্যক্তিগত সম্পর্ক নিষিদ্ধ।