মার্কিন বিমানবাহিনীর প্যাসিফিক কমান্ডার ঢাকা এসেছেন
মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর কমান্ডার প্যাসিফিক জেনারেল গেরি এল নর্থ তিন দিনের বাংলাদেশ সফরে আজ ঢাকা এসে পৌঁছেছেন। তিনি ছয় সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচালন ও প্রশিক্ষণ) এয়ার ভাইস মার্শাল আবু এসরার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান। বাংলাদেশে অবস্থানকালে জেনারেল গেরি রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেনাবাহিনী প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন, নৌবাহিনীর প্রধান ভাইস এডমিরাল জেড ইউ আহমেদ, বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল শাহ মো. জিয়াউর রহমান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল আব্দুল ওয়াদুদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন। জেনারেল গেরি ঢাকায় অবস্থানকালে কয়েকটি প্রতিরক্ষা স্থাপনা পরিদর্শন করবেন। তিনি ৯ নভেম্বর ঢাকা ত্যাগ করবেন । —বাসস